সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
গাছের গায়ে মুগ্ধর স্বপ্ন, সচেতনতার বার্তায় বদলে যাচ্ছে গ্রামের পথ
daily-fulki

গাছের গায়ে মুগ্ধর স্বপ্ন, সচেতনতার বার্তায় বদলে যাচ্ছে গ্রামের পথ

 

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার প্রত্যন্ত গ্রামীণ সড়কের দুই পাশে সারিবদ্ধ গাছ। আর সেই গাছজুড়ে শোভা পাচ্ছে ছোট ছোট সচেতনতামূলক বার্তা। পথচারীদের থামিয়ে দিচ্ছে এসব লেখা; তৈরি করছে কৌতূহল ও মুগ্ধতা। ব্যতিক্রমী এই উদ্যোগের নেপথ্যে রয়েছে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মিছবাহুল ইসলাম মুগ্ধ।
ফুলবাড়ী উপজেলার বড়ভিটা ইউনিয়নের শাহবাজার এলাকার ঘোগারকুটি গ্রামের প্রায় এক কিলোমিটার সড়কজুড়ে নিজের হাতে তৈরি কাগজের বিভিন্ন সচেতনতামূলক বাণী গাছের কাণ্ড ও ডালে টাঙিয়েছে মুগ্ধ। সুন্দর হাতের লেখায় সেখানে উঠে এসেছে—‘অকারণে গাছ কাটব না’, ‘পাখি আমাদের বন্ধু’, ‘মোড়ে গতি কমান, জীবন বাঁচান’ এবং ‘মাদককে না বলুন’-এর মতো নানা বার্তা।

স্থানীয় উত্তর ঘোগারকুটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মুগ্ধ পড়াশোনাতেও কৃতিত্বের পরিচয় দিয়ে আসছে। প্রতিটি শ্রেণিতেই সে প্রথম স্থান অধিকার করে। তবে পাঠ্যবইয়ের পড়াশোনার পাশাপাশি সমাজ ও দেশের জন্য ইতিবাচক কিছু করার চিন্তাও তাকে তাড়িত করে।
অবসর সময়ে কাগজ, রঙ ও তুলি নিয়ে নিজের ভাবনা ও স্বপ্নকে ফুটিয়ে তোলে মুগ্ধ। বিদ্যালয়ের শিক্ষকদের কাছ থেকে পাওয়া সুন্দর হাতের লেখা ও ছবি আঁকার শিক্ষা এবার সে কাজে লাগিয়েছে সমাজসচেতনতা তৈরিতে। তার এই উদ্যোগে উৎসাহ ও সহযোগিতা করছেন সহপাঠী ও স্বজনরাও।

ঘোগারকুটি গ্রামের ওই সড়ক দিয়ে চলাচলকারী পথচারীরা গাছের গায়ে টাঙানো বার্তাগুলো পড়ে থেমে যাচ্ছেন। অনেকেই ছোট্ট এই শিক্ষার্থীর চিন্তাভাবনার প্রশংসা করছেন।

স্থানীয় জ্যেষ্ঠ নাগরিকদের মতে, বয়সে ছোট হলেও মুগ্ধর বার্তাগুলোর মর্ম অনেক গভীর। পরিবেশ রক্ষা, পাখির নিরাপত্তা, সড়কে নিরাপদ চলাচল ও মাদকবিরোধী সচেতনতার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো একটি শিশুর চিন্তায় যেভাবে উঠে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়।
বিদ্যালয়ের শিক্ষকরা জানান, ছোটবেলা থেকেই মুগ্ধ উদ্ভাবনী চিন্তাভাবনা ও সুন্দর আচরণের জন্য সবার প্রিয়। শ্রেণিকক্ষে শেখানো নীতিশিক্ষাগুলোকে সে বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করে। তার এই উদ্যোগ অন্য শিশুদেরও সমাজ ও পরিবেশের প্রতি দায়িত্বশীল হতে উৎসাহিত করবে বলে মনে করেন তারা।

স্থানীয়দের আশা, মুগ্ধর মতো শিশুদের সৃজনশীল ও সমাজসচেতন কর্মকাণ্ডে উৎসাহ দেওয়া হলে ভবিষ্যতে আরও অনেক শিশু দেশের কল্যাণে এগিয়ে আসবে। ছোট্ট মুগ্ধর গাছজুড়ে লেখা বার্তাগুলো তাই শুধু কাগজে লেখা কয়েকটি বাক্য নয়—এগুলো একটি শিশুর সুন্দর সমাজ ও নিরাপদ ভবিষ্যতের স্বপ্নেরই প্রতিচ্ছবি।

 

সর্বাধিক পঠিত