জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন চারুকলা বিভাগের ৫২তম আবর্তনের শিক্ষার্থী সুমাইয়া সুলতানা ছিয়া। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি আনুষ্ঠানিকভাবে তার এই পদত্যাগের সিদ্ধান্ত প্রকাশ করেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশের মানুষের অধিকার ও গণতন্ত্রের প্রতি বিশ্বাস ধারণ করে রাজনীতির সাথে যুক্ত আছেন। তবে ক্যাম্পাসের বর্তমান রাজনৈতিক ও সাংগঠনিক পরিস্থিতি তার রাজনৈতিক বিশ্বাস, মূল্যবোধ এবং প্রত্যাশার সাথে সামঞ্জস্যপূর্ণ মনে না হওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সুমাইয়া তার পোস্টে আরো জানান, সংগঠনের অভ্যন্তরীণ নানা বিষয়, সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সামগ্রিক রাজনৈতিক পরিবেশ তাকে গভীরভাবে ভাবিয়েছে।
নিজের বিবেক ও মূল্যবোধের জায়গা থেকে জাবিতে সক্রিয় রাজনীতি থেকে নিজেকে বিরত রাখার সিদ্ধান্ত নিলেও তিনি জানান, এই পদত্যাগ জাতীয়তাবাদী রাজনীতি থেকে সরে দাঁড়ানো নয়—তিনি পদ থেকে সরলেও আদর্শ থেকে বিচ্যুত হননি।
ক্যাম্পাসে সুস্থ, সুশৃঙ্খল ও আদর্শনিষ্ঠ রাজনৈতিক পরিবেশ ফিরে এলে সময় ও পরিস্থিতি বিবেচনায় পুনরায় সংগঠনে সক্রিয় হওয়ার ইঙ্গিত দিয়ে তিনি স্পষ্ট করেন যে, তার এই সিদ্ধান্ত সম্পূর্ণ স্বেচ্ছায় নেওয়া এবং এতে ব্যক্তিগত কোনো বিরোধ বা পদ-পদবির প্রত্যাশা জড়িত নয়।
