শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
জাবিতে দুই মাসেই প্রক্টর বদল, নতুন দায়িত্বে অধ্যাপক হালিম
daily-fulki

জাবিতে দুই মাসেই প্রক্টর বদল, নতুন দায়িত্বে অধ্যাপক হালিম


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) দুই মাসের ব্যবধানে আবারও প্রক্টর পদে পরিবর্তন এসেছে। দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একইসঙ্গে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে নতুন প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।


অফিস আদেশে বলা হয়েছে, প্রক্টর ও দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনের অনুরোধের পরিপ্রেক্ষিতে তার পদত্যাগপত্র গ্রহণ করে প্রক্টরের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আব্দুল হালিমকে ১ অক্টোবর অপরাহ্ন থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।


তবে নতুন প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল হালিম এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেননি। তিনি জানান, রোববার দায়িত্ব গ্রহণ করবেন।
এর আগে চলতি বছরের ২৯ জুলাই প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম পদত্যাগ করলে দর্শন বিভাগের অধ্যাপক মো. জাকির হোসেনকে সাময়িকভাবে প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই নিয়োগের দুই মাসের মাথায় প্রক্টর পদে আবারও পরিবর্তন এলো।


নতুন দায়িত্ব প্রসঙ্গে অধ্যাপক ড. মো. আব্দুল হালিম বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে নিয়ে কাজ করতে চাই। এ ক্ষেত্রে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয়ের সবার সহযোগিতা প্রয়োজন। সবার সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশ বজায় রেখে একাডেমিক কার্যক্রম এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য।


তিনি আরও বলেন, ক্যাম্পাসে বিদ্যমান বিভিন্ন ইস্যু ও আকস্মিক কোনো পরিস্থিতি তৈরি হলে শিক্ষার্থীদের পাশে থেকে তাদের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার প্রত্যাশা রয়েছে।

 

সর্বাধিক পঠিত