বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ইন্দোনেশিয়াকে হারিয়ে হামজার জন্মদিন রাঙাতে চায় বাংলাদেশ
daily-fulki

ইন্দোনেশিয়াকে হারিয়ে হামজার জন্মদিন রাঙাতে চায় বাংলাদেশ


স্টাফ রিপোর্টার : ফিফা আসিয়ান কাপে শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। টুর্নামেন্ট থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়ায় ম্যাচটি এখন কেবল নিয়মরক্ষার। তবে আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ হয়ে উঠতে পারে আরেকটি কারণে দেশের ফুটবলের পোস্টারবয় হামজা চৌধুরীর জন্মদিন আজ।

শেষ মুহূর্তে ভারত নাম প্রত্যাহার করায় ফিফা আসিয়ান কাপে খেলার সুযোগ পায় বাংলাদেশ। তবে গ্রুপ পর্বে কঠিন পরীক্ষার মুখেই পড়েছে থমাস ডুলির দল। র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে এগিয়ে থাকা মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইন্দোনেশিয়ার বিপক্ষে লড়াইটা শুরু থেকেই কঠিন ছিল।

প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে হারে বাংলাদেশ। টানা দুই পরাজয়ে টুর্নামেন্টের পরের পর্বে যাওয়ার সুযোগ শেষ হয়ে গেছে। এবার ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে অন্তত জয় নিয়ে টুর্নামেন্ট শেষ করতে চায় বাংলাদেশ।

এর মধ্যেই আজ ২৯তম জন্মদিন উদ্‌যাপন করছেন হামজা চৌধুরী। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই ফুটবলার বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর দেশের ফুটবলে নতুন আগ্রহ তৈরি করেছেন। তার পথ ধরে আরও কয়েকজন প্রবাসী ফুটবলার বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। ফলে হামজার জন্মদিনে জয় পেলে সেটি বাড়তি আনন্দই দেবে বাংলাদেশের সমর্থকদের।

তবে কাজটা সহজ নয়। মুখোমুখি লড়াইয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে ছয় ম্যাচের চারটিতেই হেরেছে বাংলাদেশ। ফলে পরিসংখ্যান ও সাম্প্রতিক পারফরম্যান্স—দুই দিক থেকেই এগিয়ে ইন্দোনেশিয়া।

তারপরও শেষ ম্যাচে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় বাংলাদেশের কোচ থমাস ডুলির। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি ফুটবলে মানসিক দৃঢ়তার গুরুত্বের কথা তুলে ধরেছেন। তার মতে, নিজেদের নিয়ে অতিরিক্ত আত্মবিশ্বাস দেখানোর চেয়ে মাঠে গিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করাটাই গুরুত্বপূর্ণ।

ডুলি বলেন, ‘ফুটবলে মনস্তত্ত্ব খুব বড় ভূমিকা রাখে। আমরা যদি মাঠে গিয়ে বলি—আমরা সবাইকে হারিয়ে দেব, তবে প্রতিপক্ষ আরও সতর্ক হয়ে মাঠে নামবে।’

বাংলাদেশ কোচ আরও বলেন, ‘আমি কি বলব যে আমরাই ফেভারিট? আমরা কালকের ম্যাচে ইন্দোনেশিয়ার চেয়ে ভালো দল এবং ওদের হারিয়ে দেব—এটা বলব? নাকি মিডিয়ার সামনে নিজেদের আন্ডারডগ দাবি করে সুযোগটা নেওয়া বুদ্ধিমানের কাজ হবে।’

শক্তিশালী দলের বিপক্ষে আন্ডারডগের জয়ের উদাহরণ দিতে বায়ার্ন মিউনিখের কথাও টানেন ডুলি। তার মতে, কখনো কখনো বড় দল প্রতিপক্ষকে গুরুত্ব না দেওয়ার সুযোগ কাজে লাগিয়ে ছোট দলও জয় পেতে পারে।

এখন সেই সুযোগ কাজে লাগাতে পারবে কি বাংলাদেশ? হামজার জন্মদিনে ইন্দোনেশিয়াকে হারিয়ে অন্তত জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করতে পারে কি না, সেটিই দেখার।

 

সর্বাধিক পঠিত