জাবি প্রতিনিধি : টাইমস হায়ার এডুকেশন-এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিং ২০২৭-এ দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)। এর আগে ২০২৪ ও ২০২৫ সালেও টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয় হয়ে ছিলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।
বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ে প্রকাশিত এক অভিনন্দন বার্তায় আন্তর্জাতিক র্যাংকিংয়ে জাবির এ অর্জনে শিক্ষক-শিক্ষার্থীসহ জড়িত সবাইকে উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, টাইমস হায়ার এডুকেশন র্যাংকিংয়ে দেশসেরা বিশ্ববিদ্যালয়ের গৌরব অর্জন করা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য সম্মান ও গৌরবের বিষয়। এই অর্জনে বিশ্ববিদ্যালয়ের পরিচিতি ও সুনাম বৃদ্ধি পেয়েছে।
উপাচার্য আশা প্রকাশ করেন, আগামীতে বিশ্ব র্যাংকিংয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে। বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত প্রশাসন শিক্ষা-গবেষণা সম্প্রসারণ এবং মান বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে গবেষণাখাতে এবং আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনার ক্ষেত্রে আর্থিক প্রণোদনা বৃদ্ধি করেছে। গবেষণা খাতে প্রণোদনার এ ধারা অব্যাহত থাকবে বলেও উপচার্য জানান।
উল্লেখ্য, বাংলাদেশের মধ্যে তালিকায় ৮০১-১০০০ র্যাংকে অ্যালফাবেটিক অনুযায়ী যৌথভাবে শীর্ষে রয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি), আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)। টিচিং, রিসার্চ এনভাইরনমেন্ট, রিসার্চ কোয়ালিটি, ইন্ডাস্ট্রি এবং ইন্টারন্যাশনাল আউটলুক এ পাঁচটি সূচকের ওপর প্রাপ্ত পয়েন্টের ভিত্তিতে র্যাংকিং প্রকাশ করেছে প্রতিষ্ঠানটি।
