স্টাফ রিপোর্টার : এশিয়ান গেমস ক্রিকেটে আজ শুরু হচ্ছে বাংলাদেশ পুরুষ দলের অভিযান। চতুর্থ কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় বেলা ১১টায় মাঠে নামবে লিটন দাস, মোস্তাফিজুর রহমান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেনরা। ম্যাচটি অনুষ্ঠিত হবে জাপানের নাগোয়ার নিসিন শহরের কোরোগি স্পোর্টস পার্কে।
তবে ম্যাচের আগে সবচেয়ে বড় শঙ্কা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। গত কয়েক দিন ধরে নাগোয়ার আকাশে বৃষ্টির দাপট চলছে। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, পুরো মাস জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে শেষ পর্যন্ত বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ মাঠে গড়াবে কি না, তা নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। বৃষ্টির কারণে ম্যাচটি শেষ পর্যন্ত না হলে র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠে যাবে বাংলাদেশ। সেখানে লিটন, তানজিদ তামিম, রিশাদদের প্রতিপক্ষ হিসেবে অপেক্ষা করছে পাকিস্তান।
বৃষ্টির কারণে গতকাল ঠিকঠাক অনুশীলনও করতে পারেনি বাংলাদেশ দল। তবে এমন পরিস্থিতির জন্য আগেই প্রস্তুত ছিলেন বলে জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। তার মতে, জাপানে এসে অনুশীলনের সুযোগ কম থাকতে পারে, সেটি মাথায় রেখেই দেশ থেকে পূর্ণ প্রস্তুতি নিয়ে এসেছেন তারা। সাংবাদিকদের লিটন বলেন, 'দেশ থেকে আসার আগে আমরা অনেক অনুশীলন করেছি। খেলোয়াড়দের একটা কথাই বলেছিলাম, এখানে এসে প্রস্তুতির সুযোগ নাও থাকতে পারে। তাই মানসিকভাবে সেভাবেই প্রস্তুত থাকতে হবে। বৃষ্টি থাকতে পারে। এ দেশটা ক্রিকেটের জন্য বেশি পরিচিত নয়, তাই তারা সেভাবে সুযোগ-সুবিধা দিতে পারবে কি না, সেটা নিয়েও কিছুটা সন্দিহান ছিলাম। খেলোয়াড়রা দেশ থেকেই প্রস্তুতি নিয়ে এসেছে এবং খেলার জন্য প্রস্তুত।'
এশিয়ান গেমসে বাংলাদেশের লক্ষ্য নিয়েও কথা বলেছেন লিটন। আপাতত ফাইনালে ওঠাকেই দলের প্রধান লক্ষ্য হিসেবে দেখছেন তিনি। অধিনায়ক বলেন, 'দেশ ছাড়ার আগে একটা কথা বলেছিলাম, আমাদের প্রথম লক্ষ্য ফাইনালে যাওয়া। স্বর্ণপদক পরের বিষয়। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার দলও ভালো। তবে আগামীকালের ম্যাচটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আপাতত পুরো মনোযোগ সেই ম্যাচেই।'
জাপানের উইকেট ও ম্যাচ পরিকল্পনা নিয়েও নিজের ধারণা জানিয়েছেন লিটন। তার মতে, উইকেট বোলারদের জন্য সহায়ক হতে পারে। তিনি বলেন, 'আমার মনে হয়, উইকেট বোলারদের পক্ষে থাকবে। আমাদের সেরা বোলাররাই থাকবে। সাধারণত আমাদের যে টিম কম্বিনেশন থাকে, পাঁচ বোলার ও ছয় ব্যাটার-সেভাবেই দল সাজানোর পরিকল্পনা থাকবে।'
জাপানে আসার পর বৃষ্টির কারণে নিয়মিত অনুশীলনের সুযোগ না পাওয়ার বিষয়টি ম্যাচে কতটা প্রভাব ফেলতে পারে-এমন প্রশ্নে লিটন বলেন, 'প্রত্যেক দলের জন্যই একই অবস্থা। খেলা না হলে কিছু করার থাকবে না। বৃষ্টির ওপর কারো নিয়ন্ত্রণ নেই। এখানে যতটুকু সুযোগ-সুবিধা দেওয়া হয়েছে, সেটার মধ্যেই আমরা প্রস্তুতি নেওয়ার চেষ্টা করব।'
এশিয়ান গেমসে নিজেদের মিশন শুরুর আগেই ধাক্কা খেয়েছে বাংলাদেশ। অসুস্থতার কারণে গেমস থেকে ছিটকে গেছেন নাজমুল হোসেন শান্ত। বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েক দিন ধরে জ্বরে ভুগছেন তিনি। এ কারণে আজই তাকে দেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে। শান্তর জায়গায় স্কোয়াডে ডাক পেতে পারেন শামীম পাটোয়ারী।
অন্যদিকে বৃষ্টির কারণে গতকাল মাঠে গড়ায়নি প্রথম দুই কোয়ার্টার ফাইনালের কোনো ম্যাচ। পাকিস্তান-হংকং ও ভারত-আফগানিস্তানের ম্যাচ দুটি পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে উঠেছে ভারত ও পাকিস্তান।
