সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ট্রাস্টের সম্পত্তি দখল নিতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর
daily-fulki

আশুলিয়ায় ট্রাস্টের সম্পত্তি দখল নিতে মাদ্রাসায় হামলা-ভাঙচুর


আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ার শ্রীপুরের ট্রাস্টের নিয়ন্ত্রণ ও মার্কেট দখল নিতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এসময় মাদ্রাসায় থাকা নগদ অর্থ লুটপাট ও সিসিটিভি কন্ট্রোলার নিয়ে যায় দুর্বৃত্তরা।


রোববার (২৭ সেপ্টেম্বর) আছরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত সন্ত্রাসীরা এ হামলা ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় হামলাকারীরা মাদ্রাসার কম্পিউটার, ল্যাপটপসহ নগদ টাকা নিয়ে যায়। আশুলিয়ার শ্রীপুর এলাকার তাহফিজুল কুরআনিল কারিম ফাজিল (স্নাতক) মাদ্রাসা ও আশিয়া আশরাফ মহিলা মাদ্রাসায় হামলা চালানো হয়। খবর পেয়ে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি ও আশুলিয়া থানা পুলিশ মাদ্রাসাটিতে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে পিছনেরদিক দিয়ে শতাধিক মানুষ হেলমেট ও মাস্ক পরে দেশীয় অস্ত্রসহ লাঠি হাতে মাদ্রাসায় প্রবেশ করে। পরে বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। এসময় থানায় খবর দেওয়া হলে পুলিশ আসার আগেই টাকা ও মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায় সন্ত্রাসীরা।


এ বিষয়ে প্রতিষ্ঠানটির সহকারী প্রশাসনিক কর্মকর্তা লিটন গাজী জানান, ট্রাস্টের নিয়ন্ত্রণ নিতে একটি গ্রুপ হামলা চালিয়েছে। এসময় তারা ক্যাশে থাকা নগদ অর্থ, সিসিটিভি ক্যামেরার কন্ট্রোলার, মোবাইল ফোন, ল্যাপটপ নিয়ে যায়। এছাড়া বিভিন্ন কক্ষসহ আসবাবপত্র, কম্পিউটার ও গ্লাস ভাঙচুর করে।


তিনি আরও বলেন, হাসান, হুমায়ুন এবং ছোট জাকির পুরো মাদ্রাসায় হামলা ও লুটপাটে নেতৃত্ব দিয়েছে। ট্রাস্টি বোর্ড নিয়ে কোনো ঝামেলা নেই। কারণ সেটিতে আদালতের নিষেধাজ্ঞা জারি রয়েছে। আমরা কোর্টে আসার সুযোগে পুলিশকে দিয়ে ভুয়া বা মিথ্যা মামলা করিয়ে এই অপকর্ম ও হামলা চালানো হয়েছে।
মাদ্রাসাটির উপ-পরিচালক সৈয়দ সানজিদ জানান, ঢাকা জেলা তাঁতি দলের সভাপতি জাকির হোসেনের নেতৃত্বে সন্ত্রাসীরা মাদ্রাসা দখল নেওয়ার উদ্দেশ্যে মাদ্রাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেছে।


ঘটনার বিষয়ে আশুলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, আমি বর্তমানে ঢাকায় একটি মিটিংয়ে আছি। খবর শুনতে পেয়েছি যে দারুল ইহসান ট্রাস্টের আওতাধীন মাদ্রাসায় একটি ঝামেলা বা সংঘর্ষ চলছে। ট্রাস্টি বোর্ড নিয়ে এই ঝামেলা হতে পারে। তবে গুলির মতো কোনো ঘটনা ঘটেছে বলে আমি শুনিনি।
 

সর্বাধিক পঠিত