স্টাফ রিপোর্টার : সাভার বাজার বাসস্ট্যান্ডে একটি ফলের দোকানে চাঁদা দাবির অভিযোগে সন্ত্রাসী মুরগী হৃদয় (২৬)কে শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় সাভার বাসস্ট্যান্ডের পশ্চিমপাড়ের ব্যবসায়ী, বাজার রোডের ব্যবসায়ী এবং বনপুকুর, সবুজবাগ, ছায়াবিথী, আড়াপাড়া, হিজড়াপাড়া এলাকায় বসবাসকারী মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) রাতে সাভার বাসস্ট্যান্ডের ‘মতলব ফল ভান্ডর‘-এ ২ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকার করায় দোকন মালিক ইউসুফকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং প্রাণনাশের হুমকী দেয়। এ ঘটনায় ফল দোকানের মালিক সাভার মডেল থানায় হৃদয়সহ ৪ জনের নামউল্লেখসহ অজ্ঞাত আরও ১০/১২ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
বিষয়টি তদন্ত করে এস আই শামীমকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দায়িত্ব দেয়া হয়। পরে ঘটনার সত্যতা পেয়ে শনিবার বিকেলে সাভার মডেল মসজিদের সামন থেকে মুরগী হৃদয়কে আটক করা হয়। এ সময় তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়।
প্রসঙ্গত, মুরগী হৃদয়ের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা চেষ্টা, চাঁদাবাজি, অস্ত্র মামলাসহ ৫টি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এছাড়া মুরগী হৃদয়ের বিরুদ্ধে কিশোর গ্যাংয়ের নেতৃত্বদানের অভিযোগ রয়েছে।
