স্টাফ রিপোর্টার : নিষিদ্ধ ঘোষিত সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো: মনির হোসেন ওরফে মোবাইল মনিরকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫ টায়
আশুলিয়ার নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকা থেকে সাভার মডেল থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেওয়া সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো: আশরাফুল ইসলাম।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গ্রেপ্তার মো: মনির হোসেন (৪৬) সাভার পৌরসভার উত্তর রাজাসন এলাকার বাসিন্দা মোঃ ইউনুস খানের ছেলে। তিনি সাভার সদর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পলাতক উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের ঘনিষ্ঠ অনুসারী।
জানা যায়, মনিরের বিরুদ্ধে ২০১৯ সালে আদালতে জাল জালিয়াতি ও প্রতারণার অভিযোগে সি.আর মামলা দায়ের হয়। ঘটনাস্থল রাজধানীর কোতোয়ালী থানা এলাকা হওয়ায় সংশ্লিষ্ট থানার ওসিকে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মেট্রোপলিটন বিশেষ ট্রাইবুনাল আদালত।
এ সময় ওই মামলায় প্রাথমিকভাবে অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। দীর্ঘ ৭ বছর আইনি প্রক্রিয়া শেষে জাল জালিয়াতি ও প্রতারণার সাথে যুক্ত প্রমাণিত হওয়ায় ২০২৫ সালে আদালত মনিরের এক বছর সশ্রম কারাদণ্ড এবং ৩০ লাখ টাকা অর্থদণ্ড দেন।
তিনি আদালতে হাজির না হয়ে পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এরপর থেকে তাকে ধরতে তৎপরতা বাড়ায় আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার বিকালে আশুলিয়া থানাধীন নবীনগর সেনা শপিং কমপ্লেক্স এলাকায় তার অবস্থান জানতে পেরে স্থানীয় থানা পুলিশের সহায়তায় সাভার মডেল থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, সাভার সিটি সেন্টারে মনিরের মোবাইল দোকান ছিলো। এজন্য তাকে মোবাইল মনির বলে অনেকে ডাকে। আবার অনেকে সিটি মনির নামেও চিনে।
এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, “ মনির হোসেনের বিরুদ্ধে সাভারে সংঘটিত ছাত্র হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার অভিযোগ রয়েছে। তিনি সাভার মডেল থানায় দায়ের হওয়া একাধিক হত্যা মামলাসহ রাজধানীর কোতোয়ালী থানার মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি। আজ শনিবার তাকে আদালতে পাঠানো হয়েছে।”
