শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় ডিবির হাতে স্ত্রী আটক, ইয়াবা ফেলে পালালেন স্বামী
daily-fulki

আশুলিয়ায় ডিবির হাতে স্ত্রী আটক, ইয়াবা ফেলে পালালেন স্বামী

আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবাসহ মিতু আক্তার (২২) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশের দাবি, মিতু ও তার স্বামী মো. বেলাল হোসেন (২৮) পেশাদার মাদক কারবারী। অভিযানের সময় স্ত্রী ৩০ পিস ইয়াবাসহ ধরা পড়লেও স্বামী বেলাল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এ সময় তিনি ফেলে যান আরও ৭০ পিস ইয়াবা। পরে সেগুলোও উদ্ধার করে পুলিশ। সব মিলিয়ে অভিযানে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম। এর আগে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের টেংগুরি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই শেখ মফিজুর রহমানসহ পুলিশের একটি দল টেংগুরি এলাকায় অভিযান চালায়।

গ্রেপ্তার মিতু আক্তার বগুড়ার শেরপুর থানার সোনাকানিয়া জামুন্না এলাকার মো. মামুনুর রশিদের মেয়ে। পলাতক বেলাল হোসেন দিনাজপুরের ফুলবাড়ী থানার রাজারামপুর (মৎস্যপাড়া) এলাকার আবু বক্কর সিদ্দিকের ছেলে। বর্তমানে মিতু ও বেলাল দুজনই গাজীপুরের কালিয়াকৈর থানার সফিপুর বাজার এলাকায় মনিরের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

ডিবি পুলিশের ভাষ্য, অভিযানের সময় মিতু আক্তারের কাছ থেকে ৩০ পিস এবং পালিয়ে যাওয়ার সময় বেলাল হোসেনের ফেলে যাওয়া আরও ৭০ পিসসহ মোট ১০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, মিতু ও বেলাল পেশাদারভাবে মাদক কারবারের সঙ্গে জড়িত। এ ঘটনায় মিতু আক্তারকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বেলাল হোসেন পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইদুল ইসলাম বলেন, এ ঘটনায় মিতু আক্তার ও পলাতক বেলাল হোসেনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তার মিতুকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বলেন, মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ডিবির অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পলাতক বেলাল হোসেনকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সর্বাধিক পঠিত