ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে এক তরুণীর বাড়ি থেকে কাজী সাঈম (২৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে ধামরাই থানা পুলিশ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেল বেলা উপজেলার যাদবপুর ইউনিয়নের পাচলক্ষী গ্রামে প্রেমিকার বাড়ী থেকে লাশটি উদ্ধার করা হয়। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য ওই প্রেমিকা ও তার মাকে আটক করেছে পুলিশ। নিহত কাজী সাঈম উপজেলার যাদবপুর ইউনিয়নের গরুগ্রাম এলাকার নুর মোহাম্মদের ছেলে। সে চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পাচলক্ষী গ্রামের মৃত বদর উদ্দিন মধুর মেয়ের সঙ্গে কাজী সাঈমের দীর্ঘদিন ধওে প্রেমের সম্পর্ক ছিল। আজ সকালে ওই তরুণীর বাড়িতে সাঈমের ঝুলন্ত দেহ দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। তথ্য পেয়ে ধামরাই থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌচিয়ে লাশটি উদ্ধার করে। মৃত্যুর সঠিক কারণ ও ঘটনার নেপথ্যের রহস্য উদ্ঘাটনে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিকভাবে সাঈমের প্রেমিকা এবং তার মাকে আটক করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হতে ময়না তদন্তের জন্য লাশটি ঢাকা শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এই ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
