কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামের রৌমারীতে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১টা ৫০ মিনিটের দিকে রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রতনপুর গ্রামের মো. এনামুল হক ও মো. ফারদিন আহম্মেদ।
পুলিশ জানায়, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির ও রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলীর তত্ত্বাবধানে এসআই মো. রাজু আহমেদের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে দুইজনকে আটক করে তাদের কাছ থেকে ১ হাজার ৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির বলেন, ‘রৌমারী থানাধীন যাদুরচর ইউনিয়নের সায়েদাবাদ বাজার এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৭০০ পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।’
তিনি আরও বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। রৌমারীতে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক সংক্রান্ত যেকোনো তথ্য পুলিশকে জানানোর জন্য সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তিনি।
