স্টাফ রিপোর্টার : আশুলিয়ায় গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে আটজন নিহতের ঘটনায় মামলা করেছে পুলিশ। সোমবার রাতে আশুলিয়া থানায় করা মামলায় আশুলিয়ার জামগড়ার প্রীতি কম্পোজিং লিমিটেডের ছয় কর্মীসহ অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।
আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তালেব বাদী হয়ে মামলাটি করেন। তদন্তের স্বার্থে পুলিশ তাৎক্ষণিকভাবে আসামিদের পরিচয় প্রকাশ করেনি।
মঙ্গলবার দুপুরে মামলার বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম।
তরিকুল ইসলাম বলেন, কারখানায় দাহ্য পদার্থ অপরিকল্পিতভাবে ব্যবহার ও এর ফলে বিস্ফোরণের অভিযোগে কারখানার দায়িত্বশীল ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
গত রোববার সন্ধ্যায় আশুলিয়ার জামগড়ায় প্রীতি গ্রুপের কারখানা চত্বরে গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, কারখানা চত্বরে একাধিক গ্যাস সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যান রাখা ছিল। একটি কাভার্ড ভ্যানের সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আশপাশে থাকা আরও কয়েকটি ভ্যানেও আগুন ধরে যায়। এতে ২৬ জন আহত হন। নিহত হন আটজন। তাঁদের বেশির ভাগই আশপাশের সবজি বিক্রেতা ও পথচারী।
ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিস জানিয়েছিল, কাভার্ড ভ্যানে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকেই অগ্নিকাণ্ডের সূত্রপাত। বিস্ফোরণের সুনির্দিষ্ট কারণ এখনো নিশ্চিত করা যায়নি।
ঘটনার তদন্তে চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
