সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর
daily-fulki

ধামরাইয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ মহিলা দল নেত্রীর


ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে চাঁদা দাবির অভিযোগে বিএনপি নেতার বিরুদ্ধে মামলা করেছেন উপজেলা মহিলা দলের সভাপতি ফরিদা ইয়াসমিন। তিনি বাদী হয়ে ঢাকার চিফ জুডিশিয়াল আদালতে এ মামলা করেন।


সোমবার (২১ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে মামলা দায়েরের বিষয়টি তিনি নিশ্চিত করেন।


মামলায় উপজেলার সোমভাগ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এইচ এম রুস্তম আলীকে ১ নম্বর বিবাদী করা হয়েছে। অভিযুক্ত অন্যরা হলেন মামুনুর রশিদ, মেরিনা আক্তার বিনা, আয়েশা আক্তার ডলি এবং একটি মোবাইল নম্বর ব্যবহারকারীসহ অজ্ঞাতনামা আরও ১০-১২ জন।


মামলা সূত্রে জানা গেছে, গত ২ জুলাই বানেশ্বর ব্রিজের পাশে রুস্তম আলীসহ কয়েকজন ব্যক্তি ফরিদা ইয়াসমিনের যাতায়াতের পথরোধ করেন। উপজেলা মহিলা দলের সভাপতির পদ পাওয়াকে কেন্দ্র করে ফরিদা ইয়াসমিনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন রুস্তম আলী। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাকে বিভিন্নভাবে হয়রানি, মিথ্যা মামলায় ফাঁসানোসহ দলীয় পদ থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেন বিবাদীরা।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত ১৩ আগস্ট রাতে ফরিদা ইয়াসমিনকে মোবাইল ফোনে এক ব্যক্তি নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে হুমকি দেন। শুধু তাই নয়, কয়েকজন ব্যক্তি মোটরসাইকেলে করে নেত্রীর বাড়িতে গিয়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে বাড়িতে ঢোকার চেষ্টা করেন। পরে স্থানীয়দের কাছে পরিচয়পত্র দেখাতে না পেরে তারা সেখান থেকে চলে যান।


মামলার বাদী ফরিদা ইয়াসমিন বলেন, দলীয় পদ পাওয়ার পর থেকেই আমার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ায় আমাকে হুমকি, হয়রানি ও সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে। বাধ্য হয়ে আমি আদালতের আশ্রয় নিয়েছি। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও আমাকে নিয়ে অপপ্রচার চালানো হয়েছে।


অভিযোগের বিষয়ে রুস্তম আলী বলেন, ফরিদা ইয়াসমিন কৃষিকার্ড ও ফ্যামিলি কার্ড দেওয়ার নামে এলাকায় চাঁদা তুলছেন। উলটো আমার বিরুদ্ধে একটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট মামলা করেছেন। রাজনৈতিক সম্মান নষ্ট করে লোকসমাজে হেয় করার জন্যই মামলা সাজানো হয়েছে।
 

সর্বাধিক পঠিত