ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি চীনা মালিকানাধীন ইজিবাইক ব্যাটারি উৎপাদনকারী কারখানার চীনা কর্মকর্তাকে রশি দিয়ে বেঁধে নগদ ৭০ লাখ টাকা লুটের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে সুতিপাড়া ইউনিয়নের বেলিশ্বর এলাকায়।
শনিবার দিবাগত গভীর রাতে ‘জিয়াংশু স্টোরেজ ব্যাটারি বিডি কোং লিঃ’ নামের কারখানায় পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটে। রবিবার দুপুরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
কারখানা কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ১১টারদিকে কারখানার ইনচার্জ ও ক্যাশিয়ার লি পেংগুইর নিজের শয়নকক্ষে ঘুমাতে যান। রাত সোয়া ১২টার দিকে তিনজনের একটি অজ্ঞাতনামা চোরচক্র কারখানার পেছনের টয়লেটের জানালার গ্রিল কেটে ভেতরে ঢোকে। এরপর তারা ওই কর্মকর্তার ঘরের দরজার লক ভেঙে ভেতরে প্রবেশ করে তার হাত পা রশি দিয়ে বেঁধে গলায় ছুড়ি ধরে তার কাছ থেকে চাবি নিয়ে লকারে রাখা ৭০ লাখ টাকা নিয়ে যায়।
ধামরাই থানার ওসি নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
