রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
একাদশে ভর্তিতে ফি বেশি নিলে কলেজের এমপিও বাতিল
daily-fulki

একাদশে ভর্তিতে ফি বেশি নিলে কলেজের এমপিও বাতিল


স্টাফ রিপোর্টার : ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চূড়ান্ত ভর্তি শুরু হয়েছে রোববার (২০ সেপ্টেম্বর)। নির্বাচিত শিক্ষার্থীরা আগামী ২২ সেপ্টেম্বরের মধ্যে নির্ধারিত কলেজে ভর্তি হতে পারবেন।


নীতিমালা অনুযায়ী, শিক্ষা বোর্ড অনুমোদিত ফি’র অতিরিক্ত টাকা শিক্ষার্থীর কাছ থেকে নেওয়ার সুযোগ নেই। অনুমোদিত সব ফি যথাযথ রশিদের মাধ্যমে গ্রহণ করতে হবে। একই সঙ্গে নীতিমালা লঙ্ঘন করলে কলেজের ক্ষেত্রে পাঠদানের অনুমতি বা স্বীকৃতি বাতিলের পাশাপাশি এমপিওভুক্তি বাতিল হতে পারে। সরকারি কলেজের ক্ষেত্রে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ভর্তি নীতিমালার ৫.৭ ধারায় বলা হয়েছে, কোনো শিক্ষার্থীর নিকট হতে বোর্ড অনুমোদিত ফির অতিরিক্ত কোনো অর্থ গ্রহণ করা যাবে না এবং অনুমোদিত সব ফি যথাযথ রশিদ প্রদানের মাধ্যমে গ্রহণ করতে হবে। বেসরকারি কলেজে ভর্তির ক্ষেত্রে ভর্তি ফিসহ মাসিক বেতন এবং অন্যান্য যাবতীয় খরচের তালিকা স্ব স্ব কলেজের নোটিশ বোর্ডে এবং ওয়েবসাইটে প্রদর্শন করতে হবে।

কোন কলেজে ভর্তি ফি কত

শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা অনুযায়ী- এবার একাদশ শ্রেণিতে ভর্তিতে প্রতিষ্ঠানভেদে সর্বনিম্ন ফি ১ হাজার ৫০০ টাকা এবং সর্বোচ্চ ফি ৮ হাজার ৫০০ টাকা। এমপিও, নন-এমপিও, বাংলামাধ্যম ও ইংরেজি ভার্সন এবং বিভাগীয় শহর ও মফস্বল এলাকাভেদে এ ফি কম-বেশি নির্ধারণ করা হয়েছে।

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি উভয় ভার্সন সর্বোচ্চ ফি ৫ হাজার টাকা। ঢাকা বাদে অন্যান্য মেট্রোপলিটন বা বিভাগীয় শহরের প্রতিষ্ঠানে একাদশে ভর্তি ফি সর্বোচ্চ ৩ হাজার টাকা। জেলা পর্যায়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি ফি সর্বোচ্চ ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বল এলাকার এমপিওভুক্ত কলেজে ভর্তি ফি সর্বোচ্চ ১ হাজার ৫০০ টাকা

নন-এমপিও ও আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সন সর্বোচ্চ ফি ৭ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সন সর্বোচ্চ ৮ হাজার ৫০০ টাকা। জেলা সদর এলাকায় বাংলা ভার্সন ৩ হাজার এবং ইংরেজি ভার্সন ৪ হাজার টাকা। উপজেলা ও মফস্বল এলাকার কলেজে বাংলা ভার্সনে ফি ২ হাজার ৫০০ টাকা এবং ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

এদিকে, ভর্তি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর বোর্ডের বিজ্ঞপ্তির ভিত্তিতে শিক্ষার্থীরা বোর্ডের অনুমতি সাপেক্ষে প্রয়োজনীয় ফি দেওয়া কলেজ, বিভাগ ও বিষয় পরিবর্তন করতে পারবে। তবে অন্যান্য বিভাগ থেকে বিজ্ঞান বিভাগে বিভাগ পরিবর্তনের কোনো সুযোগ নেই। বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ শিক্ষার্থী অন্য বিভাগে ভর্তি হওয়ার পর পরবর্তীতে বিজ্ঞান বিভাগে প্রত্যাবর্তনের কোনো সুযোগ নেই।

 

কোনো শিক্ষাপ্রতিষ্ঠান কোনো অবস্থাতেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান হতে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কোনো শিক্ষার্থীর মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থী বা তার অভিভাবক ছাড়া অন্য কোনো ব্যক্তি বা শিক্ষাপ্রতিষ্ঠানে হস্তান্তর করতে পারবে না বা অন্য কোন অজুহাতে শিক্ষার্থীর অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট আটক রাখতে পারবে না। এ ধরনের অভিযোগ পাওয়া গেলে বোর্ড সংশ্লিষ্ট প্রতিষ্ঠান, শিক্ষকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ভর্তিকৃত শিক্ষার্থীদের তালিকা জমাদানের সময় প্রত্যেক প্রতিষ্ঠানকে বোর্ড কর্তৃক নির্ধারিত ফির বিবরণীর সঙ্গে প্রতিষ্ঠান কর্তৃক খাতওয়ারি গৃহীত অন্যান্য ফির বিবরণী আলাদাভাবে জমা দিতে হবে। বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী ভর্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ফি যতদূর সম্ভব মওকুফের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

 

সর্বাধিক পঠিত