স্টাফ রিপোর্টার : সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে গ্রেডভেদে মূল বেতন ও বাড়িভাড়া ভাতার নতুন হার নির্ধারণ করা হয়েছে।
নতুন কাঠামো অনুযায়ী সরকারি চাকরিজীবীরা মূল বেতনের ২৫ থেকে ৬০ শতাংশ পর্যন্ত বাড়িভাড়া ভাতা পাবেন। ঢাকায় কর্মরতরা পাবেন সর্বোচ্চ হারে এ ভাতা।
শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’ শীর্ষক প্রজ্ঞাপন জারি করে। নতুন বেতনকাঠামো চলতি বছরের ১ জুলাই থেকে কার্যকর হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১৬ থেকে ২০তম গ্রেডের কর্মীরা মূল বেতনের ৬০ শতাংশ, ১০ থেকে ১৫তম গ্রেডের ৫০ শতাংশ, ৫ থেকে ৯ম গ্রেডের ৪৫ শতাংশ এবং ১ থেকে ৪র্থ ও তদূর্ধ্ব গ্রেডের কর্মীরা ৪০ শতাংশ বাড়িভাড়া ভাতা পাবেন।
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় এ হার যথাক্রমে ৫০, ৪০, ৩৫ ও ৩০ শতাংশ। অন্যান্য জেলা, উপজেলা ও মফস্বল এলাকায় হার ৪৫, ৩৫, ৩০ ও ২৫ শতাংশ।
প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন বেতনকাঠামো কার্যকর হওয়ার সঙ্গে সরকারি কর্মচারীদের বর্তমানে দেওয়া বিশেষ ভাতা বাতিল হবে।
১ জুলাই থেকে প্রজ্ঞাপন জারির সময় পর্যন্ত দেওয়া বিশেষ ভাতা বকেয়া বেতনের সঙ্গে সমন্বয় করা হবে।
নতুন কাঠামোয় বাড়িভাড়ার শতাংশ কমলেও মূল বেতন বাড়ায় প্রকৃত ভাতার পরিমাণ বাড়বে। পুরনো কাঠামোয় ঢাকায় সর্বোচ্চ বাড়িভাড়া ভাতা ছিল মূল বেতনের ৬৫ শতাংশ।
