আশুলিয়া প্রতিনিধি : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের প্রতিবাদে আশুলিয়ায় ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ। মিছিল থেকে ককটেল বিস্ফোরণের দাবি উঠলেও পুলিশ বলছে, বিস্ফোরণের কোনো আলামত পাওয়া যায়নি। এ ঘটনায় অভিযান চালিয়ে তিনজনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম।
এর আগে দুপুরে জুমার নামাজের পর বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের নরসিংহপুর এলাকা থেকে সরকার মার্কেট পর্যন্ত ওই মিছিল অনুষ্ঠিত হয়।
আটকৃতরা হলেন আশুলিয়া থানা ছাত্রলীগের সহসভাপতি খলিল প্রধান এবং আশুলিয়া থানা রিকশা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোশাররফ। গ্রেপ্তার অপর ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
মিছিলের ভিডিও ও স্থানীয় সূত্রে জানা যায়, আশুলিয়া থানা যুবলীগের আহ্বায়ক মোহাম্মদ কবির হোসেন সরকারের সৌজন্যে নেতাকর্মীরা মিছিলটি বের করেন। মিছিলে যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দেওয়া রায়কে ‘অবৈধ’ আখ্যা দিয়ে বিভিন্ন সরকারবিরোধী ও দলীয় স্লোগান দেওয়া হয়। মিছিলটি নরসিংহপুর থেকে সরকার মার্কেটের দিকে এগিয়ে যাওয়ার সময় পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্র ও মিছিলের ভিডিওতে দাবি করা হয়েছে। এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে আশুলিয়া থানা পুলিশ বলছে, ককটেল বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত নয়। ঘটনাস্থল থেকে এ ধরনের কোনো আলামতও পাওয়া যায়নি। তবে মিছিলের পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
