ধামরাই প্রতিনিধি : ধামরাইয়ে একটি আঞ্চলিক মহাসড়কে পিকআপ ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছে বলে জানা গেছে। নিহতরা হলেন, সিএনজি চালক টাঙ্গাইল সদর থানার চর খিদির গ্রামের জুয়েল হোসেন, ইছাপুর গ্রামের আবুল হোসেনের মেয়ে আখি আক্তার ও জসিম উদ্দিনের ছেলে জাকারিয়া হোসেন।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধামরাইয়ের কালামপুর-সাটুরিয়া-নাগরপুর আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ের নান্দেশ্বরী বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, তিনজনযাত্রী নিয়ে সিএনজি চালিত অটোরিকশা কালামপুর থেকে নাগরপুর যাওয়ার সময় নান্দেশ্বরী এলাকায় বিপরীত দিক থেকে আসা এ্কটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশা ধুমড়ে মুচড়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে অটোরিকশার দুই যাত্রী ও সিএনজি চালক গুরুতর আহত হন।
স্থানীয়রা তাদের উদ্ধার করে নিকটস্থ সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনজন নিহত ও একজন আহত হন।
নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কাওয়ালীপাড়া বাজার তদন্ত কেন্দ্রেরর্ পুলিশ পরিদর্শক ইনচার্জ ইলিয়াস হোসেন।
