স্টাফ রিপোর্টার : সাভারে রাজউকের অনুমোদন না নিয়ে আবাসন প্রকল্প গড়ে তোলায় ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। বৃহস্পতিবার সকাল থেকে বিকেল পর্যন্ত বনগাঁও ইউনিয়নের বনগ্রাম এলাকায় ঢাকা ওয়েস্টার্ন ভ্যালিতে এ অভিযান পরিচালনা করা হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান এ অভিযানে নেতৃত্ব প্রদান করেন।
অভিযানে আবাসন প্রকল্পটির সাইট অফিস ভাঙ্গার পাশাপাশি ড্রেজারের পাইপ ও সাইনবোর্ড ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ সবুজ হাসান জানান, আবাসন প্রকল্পটি দীর্ঘদিন ধরে রাজউকের অনুমোদন না নিয়ে পত্রিকা ও টিভিতে চটকদার বিজ্ঞাপন দিয়ে মানুষের মাঝে প্লট বিক্রি করে প্রতারণা করে আসছিল। পরে রজউকের সিদ্ধান্ত মোতাবেক তা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়। একই সাথে প্রকল্পটির সমস্ত কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছে। অভিযোগ রয়েছে,আবাসন প্রকল্পটির দেখভালের দায়িত্ব ছিল সাভার থানা বিএনপি'র এক নেতা। এসময় অবৈধ এই আবাসন প্রকল্পটি উচ্ছেদের সময় স্থানীয়রা দাঁড়িয়ে থেকে রাজউকের প্রতি সন্তোষ প্রকাশ করেন।
