স্টাফ রিপোর্টার : দেশের পাঁচ জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর।
বুধবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অধিদফতরের মানদণ্ড অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, ফরিদপুর, রংপুর, যশোর ও খুলনা জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এসব এলাকায় বৃষ্টি হলে তাপমাত্রা কমে গিয়ে তাপপ্রবাহের পরিস্থিতির উন্নতি হতে পারে।
পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিনে তাপমাত্রায় ধাপে ধাপে কিছুটা পরিবর্তন হতে পারে। প্রথম দিন সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। দ্বিতীয় দিন তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তৃতীয় দিন দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। চতুর্থ দিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। পঞ্চম দিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আগের ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে যশোরে, ৩৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এ ছাড়া খুলনার কয়রায় ৩৬ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকা, রংপুর ও ফরিদপুরে ৩৬ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের শ্রেণিবিন্যাস অনুযায়ী, ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মৃদু তাপপ্রবাহ হিসেবে বিবেচিত হয়। ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস মাঝারি, ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তীব্র এবং ৪২ ডিগ্রি সেলসিয়াস বা তার বেশি তাপমাত্রাকে অতি তীব্র তাপপ্রবাহ বলা হয়।
এদিকে ১৯ সেপ্টেম্বরের মধ্যে উত্তর আন্দামান সাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় রয়েছে। বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে দেশের আবহাওয়ায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।
