বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আশুলিয়ায় বকেয়া মজুরি পরিশোধের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ
daily-fulki

আশুলিয়ায় বকেয়া মজুরি পরিশোধের দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

তিন মাসের বকেয়া মজুরি-ভাতা পরিশোধ, বন্ধ কারখানা চালু ও শ্রমিকদের বিরুদ্ধে করা অভিযোগ প্রত্যাহারের দাবিতে আশুলিয়ার বাইপাইলে ক্লোদিং কার্নিভ্যালস লিমিটেডের শ্রমিকেরা বিক্ষোভ ও মানববন্ধন করেছেন। আজ বুধবার বেলা ৩টার দিকে কারখানার গেট থেকে মিছিল নিয়ে তাঁরা আশুলিয়া থানার সামনে মানববন্ধন করেন।

মানববন্ধনে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।

শ্রমিকেরা জানান, বকেয়া মজুরি-ভাতা পরিশোধের দাবিতে তাঁরা চার দিন ধরে কারখানার গেটে অবস্থান কর্মসূচি পালন করছেন। এর আগে শ্রম মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শিল্প পুলিশ এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে তাঁরা স্মারকলিপি দিয়েছেন।

শ্রমিক-কর্মচারীরা আশুলিয়া থানায় লিখিত অভিযোগও করেছেন বলে জানান তাঁরা। তবে সমস্যা সমাধানে এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তাঁদের অভিযোগ।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের সভাপতি রফিকুল ইসলাম সুজন মানববন্ধনে বলেন, ক্লোদিং কার্নিভ্যালস লিমিটেডের শ্রমিকদের তিন মাসের বকেয়া বেতন-ভাতা দ্রুত পরিশোধ করতে হবে। একই সঙ্গে বন্ধ কারখানা চালু, শ্রমিক ছাঁটাই বন্ধ এবং শ্রমিকদের বিরুদ্ধে করা হয়রানিমূলক অভিযোগ প্রত্যাহার করতে হবে। শ্রমিকদের নির্যাতন ও হুমকিও বন্ধ করতে হবে।

শ্রমিক-কর্মচারীরা চার দিন ধরে কারখানার গেটে অবস্থান করছেন উল্লেখ করে রফিকুল ইসলাম জানান, সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের কাছে তাঁরা আবেদন ও স্মারকলিপি দিয়েছেন। কিন্তু সমস্যা সমাধানে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। মালিকসহ দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সর্বাধিক পঠিত