কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা : ‘আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রীতে দিবো’, এমন ঘোষণা সংবলিত পোস্টারে ছেয়ে গেছে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার এক ইউনিয়ন। এমন পোস্টারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে নানা মতামত দিয়েছেন অনেকে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে কোম্পানীগঞ্জের সিরাজপুর ইউনিয়নে এমন পোস্টার লাগানোর ঘটনা ঘটে।
পোস্টারে নাম থাকা সিরাজপুর ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন দাবি করেন, এসব তার বিরুদ্ধে জামায়াতের ষড়যন্ত্র।
দেয়ালে দেয়ালে লাগানো ওই পোস্টারে লেখা হয়, ‘আসন্ন ১নং সিরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি গাঁজার ডিলার (খোকন) চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি কথা দিচ্ছি, আমি চেয়ারম্যান হিসেবে জয়ী হলে সবার ঘরে ঘরে বিনা টাকায় গাঁজা-ইয়াবা ফ্রিতে দিবো।’
‘বেকাররের জন্য গাঁজা তাহার, বেকারদের জন্য গাঁজা ভাতা, মাদকসেবীদের জনা বিশেষ কার্ড, স্কুল-কলেজের সামনে ফ্রি সাপ্লাই, থানা-পুলিশ আমার ভাই, উন্নয়ন হবে, আগে চাঁদা হবে’ এমন স্লোগান লেখা হয় পোস্টারে।
এই পোস্টার ফেসবুকে শেয়ার করে বেলাল হোসেন অপেল নামের এক তরুণ লেখেন, ‘আর কি বলবো।’
মো. রাজু নামে একজন লেখেন, ‘মাদক কত এবেল-এবেল হলে এমন পোস্টার করা হয়।’
সজিব মাহমুদ লেখেন, ‘এটি প্রতিহিংসা থেকে হতে পারে।’
এ বিষয়ে পোস্টারে থাকা সিরাজপুর ৮নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো. খোকন বলেন, ‘৫ দিন আগে আমার ছেলেকে চড় মারে ইউনিয়ন জামায়াতের আমির হাসেমের ছেলে। তা নিয়ে আমি প্রতিবাদ করি। মামলা করার প্রস্ততি নিয়েছি। তা দেখে তারা আমার বিরুদ্ধে অপপ্রচার করছে। আমি সিসিটিভি ফুটেজ নিচ্ছি, যারা জড়িত তাদের বিরুদ্ধে মামলা করব।’
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হাকিম বলেন, ‘এ ঘটনার সত্যতা যাচাই করা হচ্ছে। সত্যতা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
