স্টাফ রিপোর্টার : রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) খন্দকার মো. আজিজুল হক আরজুকে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে লালমাটিয়া মিনা বাজারের সামনে থেকে তাকে আটক করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হালিম।
তিনি জানান, স্থানীয় ছাত্রদলের নেতাদের সহায়তায় আজিজুল হক আরজুকে আটক করা হয়।
আটক করার সময় ধস্তাধস্তিতে তিনি সামান্য আঘাত পান। তিনি হৃদরোগে আক্রান্ত হওয়ায় পুলিশি প্রহরায় পরিবারের সদস্যদের সঙ্গে তাকে চিকিৎসকের কাছে পাঠানো হয়েছে।
জানা যায়, খন্দকার আজিজুল হক আরজু পাবনা জেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ী গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত জনাব আলী খন্দকার।
তিনি ২০১৪ সালে পাবনা-২ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন।
তার ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন মোহাম্মদপুর থানার ওসি।
