স্টাফ রিপোর্টার : সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ কর্মীকে আটক করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ ডিবি। মিছিলের সময় পুলিশের উপস্থিতি বুঝতে পেরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় বাকিরা।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২ টারদিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের বিপিএটিসি সামনে এই ঝটিকা মিছিল বের করে।
আটককৃতরা হলো, রিয়াদ (সমন্বয়কারী), ফিরোজ (কর্মী সংগ্রহকারী), ইসমাইল হোসেন, তামিম শিকদার, মো: সোয়াদ, মো: মাসুম, মো: জিন্নাত ও মো: শাকিন ইসলাম বলে জানা গেছে। তবে পৌর ছাত্রলীগ নেতা মাসুম দেওয়ানের নেতৃত্বে এই মিছিলের আয়োজন করা হয় বলে দাবি ডিবি পুলিশের।
ডিবি পুলিশ জানায়, দুপুরে ঝটিকা মিছিলের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সাইদুল ইসলামের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল। এসময় পুলিশকে লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।
পরে তারা একটি বাসযোগে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পালানোর সময় ধাওয়া করে তিনজনকে আটক করে তারা। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আরও পাঁচজন কর্মীকে আটক করা হয়।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেলে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা।
তিনি বলেন, ‘নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার হাতে ও ক্যাপ মাথায় দিয়ে ২০ থেকে ২৫ জন ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় মিছিল করছে-এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে পৌঁছে আটজনকে আটক করা হয়।
তিনি জানান, মিছিলকারীরা একটি বাস নিয়ে এসেছিলো। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেছে।
এ ঘটনায় আটকদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
