স্টাফ রিপোর্টার : সাভারে বন্ধ রাস্তা জনসাধারণের চলাচলের জন্য খুলে দেয়ার দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ দত্তপাড়ায় এ কর্মসূচীতে এলাকার বাসিন্দারা অংশ গ্রহণ করেন।
জানা গেছে, সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের দক্ষিণ দত্তপাড়ায় পাওয়ার গ্রীডের পশ্চিম পাশের রাস্তাটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দারা পায়ে হেঁটে চলাচল করতেন। সম্প্রতি স্থানীয় রুবেল আহমেদ ইটের দেওয়াল তৈরী করে সীমানা প্রাচীর গড়ে তোলেন। ফলে এলাকার শতাধিক পরিবারের মানুষদের চলাচলের পথ বন্ধ হয়ে যায়।
এলাকাবাসী সম্মিলিত হয়ে রুবেলকে রাস্তা খুলে দিতে অনুরোধ করলে তিনি শর্ত দেন সংলগ্ন রাস্তা ইট দ্বারা তৈরী করলে তিনি বন্ধ রাস্তা খুলে দেবেন। এলাকাবাসী শর্ত অনুযায়ী মাটি ফেলে সংযোগ সড়ক উন্নয়ন করে ইট দ্বারা রাস্তার উন্নয়ন করেন। কিন্তু রুবেল তার ওয়াদা ভঙ্গ করে রাস্তাটি খুলে দিতে গড়িমসি করছেন। ফলে বহু পথ ঘুরে এলাকার বাসিন্দাদের সরু পথে চলাচল করতে হচ্ছে।
এ ঘটনাটি জানিয়ে রাস্তা খুলে দেয়ার দাবিতে ইতিপূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দপ্তরে আবেদন নিবেদন করে ধর্ণা দিয়েছেন এলাকাবাসী।
উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে সাভার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসের তেঁতুলঝোড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত উপ-সহকারী ভূমি কর্মকর্তা জাহাঙ্গীর আলম তদন্ত শেষে জনস্বার্থে রাস্তাটি খুলে দেয়া যেতে পারে মর্মে প্রতিবেদন দাখিল করেন। কিন্তু রুবেল আহমেদ রাস্তা খুলে দিতে
গড়িমসি করছেন। এ বিষয়ে কথা বলতে তার মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
এ অবস্থায় এলাকাবাসী মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও কিছু সময়ের জন্য ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করেন। এ সময় অনেকের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দা আবদুল মতিন, আরিফুর রহমান, কামাল হোসেন, দেলোয়ার হোসেন, রাসেল মিয়া, সোলেমান মিয়া ও বাবুল মিয়া প্রমুখ।
