আশুলিয়া প্রতিনিধি : আশুলিয়ায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ এক পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে আশুলিয়ার ইউনিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আল-আমিন মুন্সি (৩০) মাগুরা জেলার শ্রীপুর থানার রাজধরপুর এলাকার মো. দেলোয়ারের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার ভাদাইল বাজার এলাকার আমির হামজার বাড়িতে ভাড়া থাকতেন বলে জানা যায়।
ডিবি পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারি আশুলিয়ার ইউনিক এলাকায় এক ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। পরে এমন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করে আল-আমিন মুন্সিকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামি একজন পেশাদার মাদক কারবারি এবং দীর্ঘদিন ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় গোপনে মাদক সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। দুপুরে আইনি প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
