স্টাফ রিপোর্টার : নির্বাচনী দায়িত্ব পালনের জন্য সাংবাদিকদের কার্ড ইস্যু প্রক্রিয়া আরো স্বচ্ছ ও কার্যকর করতে সফটওয়্যার তৈরির উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন। এ লক্ষ্যে সফটওয়্যার রিকোয়ারমেন্ট স্পেসিফিকেশন বা এসআরএস প্রণয়নের জন্য ১২ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার গণমাধ্যমকে বিষয়টি জানান।
ইসি সচিব আখতার আহমেদের গঠন করে দেওয়া কমিটির আদেশে বলা হয়েছে, অনলাইন নিবন্ধন থেকে শুরু করে কার্ড ইস্যু পর্যন্ত পুরো কার্যক্রমের বিষয়ে সুপারিশ প্রণয়ন করবে কমিটি। সাংবাদিকদের নির্বাচনী দায়িত্ব পালনের জন্য কার্ড ইস্যুর লক্ষ্যে সফটওয়্যার ডেভেলপমেন্টের অংশ হিসেবে এসআরএস প্রণয়নের জন্য এই কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক করা হয়েছে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব সামসুল আলমকে।
আর সদস্য হিসেবে রয়েছেন ইসির জনসংযোগ পরিচালক আব্দুল মমিন সরকার।
এ ছাড়া রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির (আরএফইডি) সভাপতি কাজী এমাদ উদ্দীন জেবেল, সাধারণ সম্পাদক ইকরাম-উদ দৌলাসহ তথ্য মন্ত্রণালয় ও তথ্য অধিদপ্তরের প্রতিনিধি এবং ইসি কর্মকর্তারা কমিটিতে রয়েছেন।
