বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আনন্দ নিয়ে ভারতকে হারাতে চায় বাংলাদেশ
daily-fulki

আনন্দ নিয়ে ভারতকে হারাতে চায় বাংলাদেশ


স্টাফ রিপোর্টার : সেমিফাইনালে যেকোনোভাবে ভারতকে এড়িয়ে যেতে চেয়েছিলেন বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে হেরে যাওয়ায় যদিও সেই লক্ষ্য পূরণ হয়নি।

নারী এশিয়া কাপে আজ ভারতের বিপক্ষেই ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে বাংলাদেশ। একে তো প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে সফল দল, তার ওপর বাংলাদেশের দুশ্চিন্তায় যোগ হয়েছে ব্যাটিং। গ্রুপ পর্বে তিন ম্যাচেই ব্যাটিং ভুগিয়েছে বাংলাদেশকে। দলীয় সংগ্রহ ১০০ পার করতেই হিমশিম খেতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের।

ভারতের বিপক্ষে ব্যাটারদের জন্য তাই কঠিন পরীক্ষাই অপেক্ষা করছে, তা বলার অপেক্ষা রাখে না। তবে প্রতিপক্ষের শক্তি কিংবা ম্যাচের গুরুত্বকে চাপ হিসেবে দেখছেন না বাংলাদেশের ব্যাটার শারমিন আক্তার সুপ্তা। বরং ভারতের মতো দলের বিপক্ষে খেলার সুযোগটাকেই বড় করে দেখছেন তিনি, ‘আমার মনে হয়, মাঝেমধ্যে চাপ থাকবে, যদি সেভাবে ভাবা হয়। তবে একদিক থেকে এই ম্যাচ আমাদের জন্য আনন্দের।


আমরা ভারতের মতো দলের বিপক্ষে খেলার সুযোগ পাচ্ছি, তারা শীর্ষ দল। যদি চ্যাম্পিয়ন হতে চান, তাহলে এমন দলের বিপক্ষে খেলতে হবে। ফলে ব্যাপারটা আনন্দের, চাপের নয়।’
দেশ ছাড়ার আগে অবশ্য অধিনায়ক নিগার সুলতানার কণ্ঠে ভিন্ন সুর ছিল। ২০১৮ সালে চ্যাম্পিয়ন হওয়ার পর এই টুর্নামেন্টে আর ফাইনাল খেলা হয়নি বাংলাদেশের।


বেশির ভাগ সময় সেমিফাইনালেই দৌড় থেমেছে, যেখানে ভারত বাধাই বাংলাদেশকে বেশি হতাশ করেছে। এবার তাই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে ভারতকে এড়িয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ; কিন্তু গ্রুপ পর্বে ব্যাটিং ব্যর্থতায় লঙ্কান মেয়েদের বিপক্ষে হার চ্যালেঞ্জের মুখেই ফেলেছে নিগারদের। গ্রুপ পর্বে বাংলাদেশের সবচেয়ে বড় অস্বস্তির জায়গা ছিল ব্যাটিংয়ে দ্রুত উইকেট হারানো। ফলে স্কোরও বড় হচ্ছে না। গ্রুপ পর্বে তিন ম্যাচের দুটি জয়েই তাই বোলারদের এগিয়ে আসতে হয়েছে।

সেমির আগে ব্যাটিংয়ে আরো ভালো করার তাগিদ স্পষ্ট শারমিনের কথায়, ‘আসলে সে রকম না (ব্যাটিং নিয়ে সন্তুষ্ট না)। টি-টোয়েন্টি ক্রিকেটে সবাই চার-ছক্কা দেখতে চায়। বাউন্ডারি দেখতে চায়। তারা এসব দেখতেই আসে। সেগুলো এনে দিতে হলে ভালো পিচ দরকার। তবে ক্রিকেটার হিসেবে তো মানিয়ে নিয়ে খেলতেই হবে।’

অন্যদিকে গ্রুপ পর্বে তিন ম্যাচেই প্রতিপক্ষকে উড়িয়ে সেমিফাইনালে উঠে এসেছে ভারত।

 

সর্বাধিক পঠিত