বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ছাত্রসংসদ মানে ক্ষমতা নয়, সেবা; আধিপত্য নয়, প্রতিনিধিত্ব : ডাকসু ভিপি
daily-fulki

ছাত্রসংসদ মানে ক্ষমতা নয়, সেবা; আধিপত্য নয়, প্রতিনিধিত্ব : ডাকসু ভিপি


ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের একবছর পূর্তি উপলক্ষে শিক্ষার্থীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ডাকসুর সহসভাপতি (ভিপি) সাদিক কায়েম। একই সঙ্গে গত এক বছরে শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ডাকসুর বিভিন্ন উদ্যোগ ও অর্জনের কথা তুলে ধরেন তিনি।

এক বিবৃতিতে বক্তব্যের শুরুতে সাদিক কায়েম বলেন, ‘জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষায় অনুষ্ঠিত নিয়মতান্ত্রিক ছাত্রসংসদ নির্বাচনের (ডাকসু) এক বছর পূর্ণ হলো আজ।’


তিনি বলেন, সহযোদ্ধাদের অকল্পনীয় পরিশ্রম, দেশ-বিদেশের শুভানুধ্যায়ীদের ভালোবাসা এবং লাখো মা-বাবার দোয়ার বরকতে শিক্ষার্থীদের অকুণ্ঠ সমর্থন পেয়েছিল ডাকসু। নানা অসহযোগিতা ও সীমাবদ্ধতা সত্বেও শিক্ষার্থীদের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে গত এক বছরে সর্বোচ্চ প্রচেষ্টা চালানো হয়েছে।

বিবৃতিতে ডাকসু ভিপি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি সারাদেশের শিক্ষার্থীসমাজ ও দেশবাসীর অধিকার এবং কল্যাণের প্রশ্নেও ডাকসু সবসময় সরব থেকেছে।


ক্যাম্পাসের পরিবেশ প্রসঙ্গে সাদিক কায়েম বলেন, ‘বাধাবিপত্তি ও আঘাত সয়ে আমরা ক্যাম্পাসে শান্তি ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিত করার চেষ্টা করেছি।’ তার দাবি, দীর্ঘদিনের নিপীড়নমূলক গণরুম-গেস্টরুম সংস্কৃতি ফিরে আসার পথ বন্ধ হয়েছে।

এ ছাড়া পরিবহন ব্যবস্থা, উচ্চশিক্ষা ও গবেষণায় উদ্বুদ্ধকরণ, স্কিল ডেভেলপমেন্ট, স্বাস্থ্যসেবা এবং আবাসিক হলগুলোতে পড়াশোনার পরিবেশ উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের সূচনা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘আমরা দেখিয়েছি, ছাত্রসংসদ মানে ক্ষমতা নয়, সেবা; আধিপত্য নয়, প্রতিনিধিত্ব, ভয় নয়, স্বাধীনতা।’


তিনি আরও বলেন, গণতান্ত্রিক, শিক্ষার্থীবান্ধব ও শান্তিপূর্ণ ক্যাম্পাস গড়ে তোলার মাধ্যমে একটি নতুন বাংলাদেশ নির্মাণের অগ্রযাত্রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী গর্বিত অংশীদার।

ডাকসুর এক বছরের পথচলায় পাশে থাকার জন্য শিক্ষার্থী, অভিভাবক, শুভানুধ্যায়ীসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান ডাকসু ভিপি।

বিবৃতির শেষে তিনি বলেন, নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন ও ক্যাম্পাসের ইতিবাচক পরিবর্তনের ধারাবাহিকতায় একটি ‘ইনসাফের বাংলাদেশ’ গড়ে উঠবে-এটাই তাদের প্রত্যাশা।

 

সর্বাধিক পঠিত