বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
কিশোরীর কোমরে শিকল বেঁধে নিয়ে যাওয়ার সময় অঝোরে কান্না, নেপথ্যে কী
daily-fulki

কিশোরীর কোমরে শিকল বেঁধে নিয়ে যাওয়ার সময় অঝোরে কান্না, নেপথ্যে কী


সিলেট সংবাদদাতা : সিলেটের শাহজালাল উপশহর এলাকায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযাগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়েছে। ভিডিও চিত্রে দেখা যায়, কোমরে শিকল বাঁধা অবস্থায় এক কিশোরীকে টেনেহিঁচড়ে নিয়ে যাচ্ছেন এক যুবক।


সে সময় ওই কিশোরীকে অঝোরে কাঁদতে দেখা যায়।
জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) আনুমানিক রাত ১১টার দিকে সিলেটের উপশহর ডি-ব্লক মসজিদ মার্কেট এলাকার রাস্তায় ওই কিশোরীকে শিকলে বেঁধে টেনে নেওয়ার আগে স্থানীয় দোকানদার ও কয়েকজন তাকে আটক করে।

মসজিদ মার্কেট ব্যবসায়ীদের দাবি, ওই দিন সন্ধ্যা ৭টা নাগাদ এলাকার একটি দোকানের ক্যাশবাক্স থেকে চুরির চেষ্টা চালালে ওই কিশোরীকে ব্যবসায়ী ও এলাকাবাসী আটক করে। পরবর্তীতে তাকে মারধর করে কোমরে শিকল বেঁধে রাস্তায় হাঁটানো হয়।


তবে ঠিক কারা তাকে মারধর করেছে কিংবা শিকল দিয়ে বেঁধে টেনে নিয়ে গেছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।

সুপ্রিম কোর্টের এক আইনজীবী জানান, ফৌজদারি কার্যবিধির ৫৯ ধারা অনুযায়ী কোনো সাধারণ নাগরিক আমলযোগ্য অপরাধে জড়িত ব্যক্তিকে আটক করতে পারেন। তবে তাকে অনতিবিলম্বে পুলিশ বা নিকটস্থ থানায় হস্তান্তর করতে হবে। আটক ব্যক্তিকে কোনো ধরনের শাস্তি দেওয়ার অধিকার সাধারণ নাগরিকের নেই।


কোমরে শেকল বেঁধে জনসমক্ষে হাঁটানো কিংবা তার ওপর শারীরিক বা মানসিক চাপ প্রয়োগ আইনপরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ।
শাহপরান থানার ওসি মো. মনির হোসেন মঙ্গলবার রাতে সংবাদমাধ্যমকে জানান, রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই কিশোরীকে হেফাজতে নিয়ে থানায় আসে। মেয়েটির বয়স আনুমানিক ১৫-১৬ বছর।

তিনি আরো জানান, একটি দোকানের ক্যাশবাক্স থেকে অর্থ চুরির বিষয়ে স্থানীয়রা অভিযোগ করলেও এ বিষয়ে থানায় কোনো লিখিত অভিযোগ জমা দেওয়া হয়নি। এমনকি কিশোরীকে থানায় নিয়ে আসার পর স্থানীয়দের কাছ থেকে কাঙ্ক্ষিত কোনো সহায়তা পায়নি পুলিশ।


পরবর্তীতে তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়।
কিশোরীকে শিকল বেঁধে সড়কে ঘোরানো প্রসঙ্গে ওসি বলেন, ‘এ বিষয়টি আমার জানা নেই। কেউ এমন কাজ করে থাকলে তারা অন্যায় করেছে।’

 

সর্বাধিক পঠিত