স্টাফ রিপোর্টার : সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেন (৫৮) হত্যা মামলার ৮ এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-১০ ও র্যাব-৪ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এর আগে প্রাইভেটকার মালিক মামলার প্রধান আসামী জহিরুল ইসলামকে গ্রেফতার করে সাভার মডেল থানার এস আই ও আমিনবাজার পুলিশ ফাঁড়ি ইনচার্জ মামলার তদন্ত কর্মকর্তা এস আই জাকির আল হাসান। এ নিয়ে ২৪ ঘণ্টায় চিরুনি অভিযানে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রধান আসামী জহিরুল ইসলামকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আদালতে প্রেরন করলে আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
র্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে আমিনবাজারের বরদেশী এলাকায় একটি অটো রাখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এসময় তার ছোট ছেলে আরিফুলও আহত হন। হত্যাকান্ডে অংশ নেয়া বেশ কয়েকজন কিশোর অপরাধী ও মাদক মামলার আসামী রয়েছে।
এ ঘটনায় রোববার (৬ সেপ্টেম্বর) রাতে মুন্সীগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন: আলাউদ্দিন (২৬),আপন (৩০), জিহাদ (২০), ইমরান (২৬)। তাদের সবার বাড়ি সাভারের আমিনবাজার এলাকায়।
অন্যদিকে র্যাব-৪ তথ্য প্রযুক্তির সহায়তায় আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করে। তারা হলেন, নূর মোহাম্মদ রুদ্র (২৪), মোঃ রাকিব মিয়া (২৮), ছাব্বির আহম্মেদ (২৪), মোঃ ওয়াসিম (৪০)। গ্রেফতারকৃত ৮ জনকেই সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। তাদেরকে ৭ দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ আরও দুইজনকে গ্রেফতার করেছে বলে জানান সাভার মডেল থানার ওসি সাইফুল ইসলাম। তবে তাৎক্ষণিক এ দুইজনের নাম জানা যায়নি। এরআগে প্রধান আসামী জহিরুল ইসলামকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে নেয়া হলে বিজ্ঞ আদালত তার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
