মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আমিনবাজারে এসআই আলতাফ হত্যা, র‌্যাবের অভিযানে গ্রেফতার ৮
daily-fulki

আমিনবাজারে এসআই আলতাফ হত্যা, র‌্যাবের অভিযানে গ্রেফতার ৮

 


স্টাফ রিপোর্টার : সাভারের আমিনবাজারে পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই আলতাফ হোসেন (৫৮) হত্যা মামলার ৮ জন এজাহারনামীয় আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। র‌্যাব-১০ ও র‌্যাব-৪ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। এ নিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ধরপাকড়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

র‌্যাব-১০ এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৫ সেপ্টেম্বর রাত সাড়ে ৮টা থেকে ১১টার মধ্যে আমিনবাজারের বরদেশী এলাকায় একটি অটো রাখাকে কেন্দ্র করে বাকবিতণ্ডার জেরে এসআই আলতাফ হোসেনকে পিটিয়ে হত্যা করা হয়। এসময় তার ছেলে আরিফুলও আহত হন।

 

ঘটনার বর্ণনায় বলা হয়, অটোরিকশা গ্যারেজের মালিককে মারধরের প্রতিবাদ করায় এসআই আলতাফ হোসেনের সাথে আসামিদের বাকবিতণ্ডা হয়।

এক পর্যায়ে নিজেকে পুলিশ সদস্য পরিচয় দিলে আসামিরা আরও বেপরোয়া হয়ে ওঠে। পরে তারা ১৫-২০ জন সহযোগী নিয়ে কারখানার গেট ভেঙে ভেতরে ঢুকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে বাবা-ছেলেকে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় তাদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেলে নিলে চিকিৎসক এসআই আলতাফকে মৃত ঘোষণা করেন।

 

এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে সাভার মডেল থানায় ১৫ জনের নাম উল্লেখ করে মামলা করেন।

এরই ধারাবাহিকতায় রোববার  (৬ সেপ্টেম্বর) রাত ৭টা ৩০ মিনিটে র‌্যাব-১০ মুন্সীগঞ্জ সদরের লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৪ জনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন: আলাউদ্দিন (২৬),আপন (৩০), জিহাদ (২০), ইমরান (২৬)। সবার বাড়ি সাভারের আমিনবাজার এলাকায়।


অন্যদিকে র‌্যাব-৪ তথ্য প্রযুক্তির সহায়তায় সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করে। তারা হলেন, নূর মোহাম্মদ রুদ্র (২৪), মোঃ রাকিব মিয়া (২৮),ছাব্বির আহম্মেদ (২৪),মোঃ ওয়াসিম (৪০)।

গ্রেফতারকৃত ৮ জনকেই সাভার মডেল থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে র‌্যাব জানিয়েছে।

 

সর্বাধিক পঠিত