লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে শনিবার (০৫ সেপ্টেম্বর) বিশেষ অভিযান চালিয়ে দুটি ভারতীয় গরু, একটি বাইসাইকেল এবং বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধন সামগ্রী উদ্ধার করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। উদ্ধারকৃত এসব চোরাই পণ্যের আনুমানিক সিজার মূল্য ১ লক্ষ ২৪ হাজার ৪২০ টাকা।
বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্ত পথে অবৈধভাবে ভারতীয় পণ্য পাচার হচ্ছে—এমন গোপন খবরের ভিত্তিতে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর একটি চৌকস টহল দল লালমনিরহাট জেলার পাটগ্রাম সীমান্ত এলাকায় একটি কৌশলগত অভিযান পরিচালনা করে। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে চম্পট দেয়।
পরবর্তীতে টহল দল ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় দুটি ভারতীয় বলদ গরু, একটি ভারতীয় তৈরি বাইসাইকেল এবং বিভিন্ন ব্র্যান্ডের বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস সামগ্রী জব্দ করতে সক্ষম হয়।
এ বিষয়ে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর দায়িত্বশীল কর্মকর্তা জানান, সীমান্ত দিয়ে যেকোনো ধরনের চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সবসময় কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত এলাকায় সার্বক্ষণিক টহল জোরদার করার পাশাপাশি গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করা হচ্ছে। উদ্ধারকৃত মালামাল প্রচলিত নিয়ম অনুযায়ী কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।
সীমান্তবর্তী এলাকায় অপরাধ প্রতিরোধ এবং চোরাচালান বন্ধে স্থানীয় জনগণের সার্বিক সহযোগিতা কামনা করেছে বিজিবি। একইসঙ্গে মাদক ও পণ্য চোরাচালানের বিরুদ্ধে এ ধরনের জিরো-টলারেন্স অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
