শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ঢাকার আকাশ মেঘলা, হতে পারে বৃষ্টি
daily-fulki

ঢাকার আকাশ মেঘলা, হতে পারে বৃষ্টি


স্টাফ রিপোর্টা : রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থেকে সাময়িকভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দিনের তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।


আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৬টায় ঢাকায় ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তখন বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৯ শতাংশ। এর আগের দিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় বৃষ্টির কোনো রেকর্ড পাওয়া যায়নি।


আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ঢাকায় সূর্যাস্ত হবে। আগামীকাল রোববার সূর্যোদয় হবে ভোর ৫টা ৪২ মিনিটে।

এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কসংকেত জারি করা হয়নি। ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে দেশের কোনো নদীবন্দরের জন্য সতর্কতা দেখানোর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে।

অন্যদিকে, গতকাল রাতে সারাদেশের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

সর্বাধিক পঠিত