গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে গ্রেপ্তার সিফাত আব্দুল্লাহকে (২৫) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। পরে এই মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ শুক্রবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে গাজীপুরের বোর্ডবাজারের বাসা থেকে তাকে আটক করে গাছা থানা পুলিশ।
স্থানীয়দের অভিযোগ, সিফাত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে গালাগাল করেছেন। তাকে গ্রেপ্তারের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা শুরু হয়।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপির) গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রাব্বানী জানিয়েছেন, সিফাতকে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।
সাংবদিকদের প্রশ্নের উত্তরে এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘সিফাতের বিরুদ্ধে মানহানির কোনো মামলা হয়নি। তাকে পূর্বের সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।’
সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী এবং গাজীপুরের বোর্ডবাজার এলাকার মো. সিকান্দর আলীর ছেলে।
