বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ রাত
MENU
#
২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেলো
daily-fulki

২০২৭ সালের রমজান ও ঈদের সম্ভাব্য তারিখ নিয়ে যা জানা গেলো


ফুলকি ডেস্ক : ইসলামি চন্দ্রপঞ্জিকা অনুসরণ করায় রমজান প্রতি বছর একই তারিখে শুরু হয় না। বড়দিন বা ইংরেজি নববর্ষের মতো নির্দিষ্ট তারিখে রমজান আসে না; বরং গ্রেগরিয়ান বর্ষপঞ্জির তুলনায় প্রতি বছর প্রায় ১০ থেকে ১১ দিন এগিয়ে আসে পবিত্র মাসটি। ফলে প্রায় ৩৩ বছরের একটি চক্রে মুসলমানরা বছরের সব ঋতুতেই রমজানের রোজা পালনের সুযোগ পান।


চলতি বছরের রমজান মার্চে শেষ হওয়ার পর এখন ২০২৭ সালের রমজানের অপেক্ষা শুরু হয়েছে। জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী, আগামী রমজান শুরু হতে পারে সোমবার, ৮ ফেব্রুয়ারি ২০২৭। তবে চূড়ান্ত তারিখ নির্ভর করবে নতুন চাঁদ দেখার ওপর।

ইসলামি চন্দ্রপঞ্জিকায় ১২ মাস রয়েছে এবং এক বছর প্রায় ৩৫৪ দিনের। গ্রেগরিয়ান সৌরবর্ষের তুলনায় এটি প্রায় ১১ দিন কম। এ কারণে প্রতি বছর রমজান গ্রেগরিয়ান ক্যালেন্ডারে প্রায় ১০ থেকে ১১ দিন আগে আসে। ফলে সময়ের সঙ্গে রমজান শীত, বসন্ত, গ্রীষ্ম ও শরৎ—সব ঋতুতেই ঘুরে ফিরে আসে।

২০২৭ সালের রমজানের চাঁদ দেখার সম্ভাব্য তারিখ ধরা হচ্ছে ৭ ফেব্রুয়ারি, রোববার সন্ধ্যা। ওই সন্ধ্যায় নতুন চাঁদ দেখা গেলে সেদিন রাতেই মুসলমানরা প্রথম তারাবির নামাজ আদায় করবেন এবং পরদিন সোমবার, ৮ ফেব্রুয়ারি থেকে প্রথম রোজা শুরু হবে।


তবে কোনো দেশে চাঁদ দেখা না গেলে স্থানীয় ধর্মীয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী রমজান শুরুর তারিখ এক দিন পিছিয়ে যেতে পারে। ইসলামি রীতিতে পবিত্র মাসের শুরু নির্ধারণে নতুন চাঁদ দেখা গুরুত্বপূর্ণ বিষয়।

রমজান ২৯ অথবা ৩০ দিন স্থায়ী হতে পারে। শাওয়ালের নতুন চাঁদ দেখার ওপর নির্ভর করবে রমজানের শেষ দিন। জ্যোতির্বিজ্ঞানের পূর্বাভাস অনুযায়ী, ২০২৭ সালের ঈদুল ফিতর বুধবার, ১০ মার্চ পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এটিও চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

ইসলামি বর্ষপঞ্জির নবম মাস রমজান মুসলমানদের কাছে বছরের সবচেয়ে পবিত্র সময়। এ মাসেই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ওপর পবিত্র কোরআন নাজিলের সূচনা হয়েছিল বলে মুসলমানরা বিশ্বাস করেন। রমজানে সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ও ধূমপান থেকে বিরত থেকে রোজা পালন করা হয়। পাশাপাশি নামাজ, দান-সদকা, আত্মসংযম, পরিবার ও সমাজের প্রতি দায়িত্ব পালনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

২০২৭ সালের রমজান শুরু হতে এখনো কয়েক মাস বাকি থাকলেও মুসলিমপ্রধান দেশগুলোতে এর প্রস্তুতি ধীরে ধীরে শুরু হবে। মসজিদ প্রস্তুত করা, জনসেবা কার্যক্রম পরিকল্পনা এবং চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রক্রিয়া নির্ধারণসহ বিভিন্ন প্রস্তুতি নেওয়া হবে।

জ্যোতির্বিজ্ঞানের হিসাব দিন দিন আরও নির্ভুল হলেও ইসলামি রীতি অনুযায়ী রমজানের আনুষ্ঠানিক সূচনা এখনো নতুন চাঁদ দেখার ওপরই নির্ভরশীল।

তথ্যসূত্র: গালফ নিউজ

 

সর্বাধিক পঠিত