স্টাফ রিপোর্টার : সাভারে একটি পরিবহন কোম্পানির চেকপোস্টে শ্রমিক দল নেতা পরিচয়ে চাঁদা দাবি, হুমকি ও হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা ও নিরাপত্তার দাবিতে ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি)-এর কাছে লিখিত অভিযোগ দিয়েছেন সংশ্লিষ্ট পরিবহন কোম্পানির প্রতিনিধি।
লাব্বাইক ট্রান্সপোর্টের সুপারভাইজার মোঃ রিয়াজ মোর্শেদ অভিযোগপত্রে জানান, গত ৩০ আগস্ট ২০২৬ তারিখে সাভারসহ বিভিন্ন এলাকায় কোম্পানির নির্ধারিত রুটে যানবাহন চলাচলের সময় তাদের চেকপোস্টে শ্রমিক দল নেতা পরিচয়ে জসিম উদ্দিন মোল্লা (৩৮) নামের এক ব্যক্তি কয়েকজন লোক নিয়ে এসে নানা ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
পরে খবর নিয়ে জানা যায়, শ্রমিকদল নেতা পরিচয় মোঃ জসিম উদ্দিন মোল্লা সাভার পৌর সভার ব্যাংক কলোনী মহল্লায় বসবাস করেন। তিনি তার সহযোগী অজ্ঞাত ৭/৮ জনসহ নেশাগ্রস্ত ব্যক্তিকে নিয়ে প্রায় প্রতিদিনই সরকার নির্ধারিত রোড ভেকোলাইনে আমাদের চেকপোস্টে এসে উৎপাত করে। কোম্পানীর লোকজনকে গালিগালাজ ও মারধর করে চেকপোস্ট থেকে সরিয়ে দেয়। ড্রাইভার-স্টাফদের মারধর করে তাদের কাছ থেকে কাছ থেকেও টাকা দাবি করে।
অভিযোগপত্রে আরও বলা হয়, চেকপোস্টে দায়িত্ব পালনরত কর্মীদের হুমকী দিয়ে জানানো হয়, সেখানে লাব্বাইক কোম্পানির কোনো গাড়ি বা কর্মকর্তা-কর্মচারী দাঁড়াতে পারবেন না। আর দাঁড়ালে প্রতিটি গাড়ির জন্য ৫০ টাকা করে চাঁদা দিতে হবে।
সুপারভাইজার মোঃ রিয়াজ মোর্শেদ অভিযোগে আরও উল্লেখ করেন, তারা চাঁদাবাজদের কথায় কর্ণপাত না করলে গত ১৭ আগস্ট একটি প্রাইভেটকারের সঙ্গে লাব্বাইক কোম্পানির (ঢাকা-মেট্্েরা-ব-১৫-১৩৩৯) একটি বাসের সঙ্গে পরিকল্পিতভাবে সংঘর্ষ ঘটানো হয়। পরে এ অভিযোগে ক্ষতিপূরণের দাবিতে ১৮ আগস্ট পাকিজা এলাকায় কোম্পানির বেশ কয়েকটি গাড়ি আটক করা হয়। পরদিন ১৯ আগস্ট সাভার মডেল থানায় বসে কোম্পানির কাছ থেকে ২৫ হাজার টাকা আদায় করা হয়েছে বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়।
চিঠিতে আরও বলা হয়েছে, এ ধরনের কর্মকাণ্ড চলতে থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা বা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। এতে চেকপোস্ট ও আশপাশের এলাকায় কর্মরত পরিবহন শ্রমিক ও কর্মকর্তাদের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে বলেও দাবি করা হয়েছে।
এ ঘটনায় অভিযোগকারী বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা এবং পরিবহন কোম্পানির কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ঢাকা জেলা পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছেন।
তবে অভিযোগের বিষয়টি অস্বীকার করেছেন শ্রমিক দল নেতা মো: জসিম উদ্দিন মোল্লা। তিনি বলেন, আমি কোনো পরিবহন থেকে চাঁদা দাবি করিনি।
সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বলেন, চাঁদাবাজের কোন রাজনৈতিক পরিচয় নেই। চাঁদাবাজি যেই করবে তার বিরুদ্ধে তদন্তপূর্বক সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
