স্টাফ রিপোর্টার : সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে পরিচয়হীন শিশু ও বয়স্ক ব্যক্তিদের আশ্রয় প্রদাসসহ অসুস্থ ব্যক্তিদের বিনামূল্যে চিকিৎসা প্রদান করা চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার এর প্রতিষ্ঠাতা মিল্টন সমাদ্দার (৩৯) এর বিরুদ্ধে মারধর ও হত্যার চেষ্টার অভিযোগে সাভার মডেল থানায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মোঃ হাসান (নাহিদ, ২৬) বাদী হয়ে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ (এসআই) মোঃ আল-আমিন রোববার দুপুরে এ তথ্য নিশ্চিত করে জানান, ২৯ আগস্ট শনিবার মামলাটি নথিভুক্ত করা হয়। মামলার বাদী হাসান (নাহিদ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজ ও উজান টিভির কনটেন্ট ক্রিয়েটর।
মামলার এজাহারে বাদী হাসান (নাহিদ) বলেন, কনটেন্ট ক্রিয়েটর ছাড়াও তিনি স্বেচ্ছাসেবী হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কল্যাণমূলক কার্যক্রমের সঙ্গে জড়িত। বাগেরহাট জেলার শরণখোলা থানার বকুলতলা এলাকার দশকুড়া সংলগ্ন সড়কে গত ২৩ আগস্ট দুপুরে পরিচয়বিহীন ও অসুস্থ এক বৃদ্ধা মহিলা (৬৫) পড়ে থাকতে দেখেন তিনি। এরপর মিল্টন সমাদ্দারের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করে ওই বৃদ্ধাকে তার পরিচালিত প্রতিষ্ঠানে আশ্রয় ও সেবা দেওয়ার জন্য অনুরোধ করেন হাসান। তবে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার প্রতিষ্ঠানে সেবা ও আশ্রয় দেওয়ার বিনিময়ে মাসিক ১৮ হাজার টাকা দাবি করেন। বিষয়টি হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন এবং মিল্টন সমাদ্দারের মানবসেবা সংক্রান্ত কাজ নিয়ে প্রশ্ন তোলেন। ওই ভিডিও প্রকাশের পর মিল্টন সমাদ্দারের কার্যক্রম নিয়ে ফের বিতর্কের সৃষ্টি হয়। একপর্যায়ে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে বলেন। মিল্টন সমাদ্দারের কথামতো গত ২৫ আগস্ট শরণখোলা উপজেলা থেকে রওনা হয়ে ওই বৃদ্ধাকে নিয়ে রাত আড়াইটারদিকে অ্যাম্বুলেন্সে করে সাভারের চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারে পৌঁছেন হাসান। এ সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মামলার ১ নং বিবাদী মিল্টন সমাদ্দারের সমালোচনা করার জেরে মিল্টন সমাদ্দার ও ২ নং বিবাদী তার প্রতিষ্ঠানের ম্যানেজার দেবাশীষ (২৬) এবং অজ্ঞাতনামা আরও পাঁচ-সাতজন অতর্কিতভাবে হাসান (নাহিদ) এর ওপর হামলা চালান।
হাসানের অভিযোগ, একপর্যায়ে মিল্টন সমাদ্দার তাকে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে শ্বাসরোধের চেষ্টা করেন। এতে তার শরীরের বিভিন্নস্থানে জখম হয়। একপর্যায়ে মিল্টন সমাদ্দার ভয়ভীতি দেখিয়ে নাহিদের কাছ থেকে জোরপূর্বক তার দায়মুক্তি ও পক্ষপাতমূলক বক্তব্য-সংবলিত একটি ভিডিও ধারণ করে রাখেন। আগের পোস্টটি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ায় নিজের অপরাধ ও দায় এড়ানোর উদ্দেশ্যে মিল্টন সমাদ্দার ওই বৃদ্ধাকে তার পরিচালিত প্রতিষ্ঠানে রেখে দেন এবং হাসান (নাহিদ) ও তার সঙ্গে থাকা মো. ইলিয়াস হোসেনকে প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে বের করে দেন।
হাসান আরও অভিযোগ করে বলেন, মিল্টন অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধাকে আশ্রয় দেওয়ার বিনিময় তার কাছ থেকে টাকা চাওয়া হয়নি এমন স্বীকৃতিমূলক ভিডিও বক্তব্যও জোর করে নেওয়া হয়।
অভিযোগের বিষয়ে জানতে মিল্টন সমাদ্দারের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাকে পাওয়া যায়নি।
মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে সাভার মডেল থানায় আলোচিত কনটেন্ট ক্রিয়েটর মোঃ হাসান (নাহিদ) এর করা হত্যা চেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা আরো জানান, মামলার এজহার ]ভুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। তাকে পাওয়া যাচ্ছে না।
উল্লেখ্য, সাভারের বিরুলিয়া ইউনিয়নের কমলাপুরে প্রায় জনমানবহীন স্থানে ৬৫ শতাংশ জমির কিছু অংশে সাড়ে ৬তলা একটি ভবনে মিল্টন সমাদ্দার ২০২৪ সালের মার্চ থেকে সাভার শাখার চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ারের কার্যক্রম শুরু করেন।
