স্টাফ রিপোর্টার : মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির মূল্যায়ন কাঠামো চূড়ান্ত করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। পাশাপাশি এ স্তরের কয়েকটি বিষয়ের পাঠ্যবইয়ে নতুন কিছু প্রবন্ধ ও পাঠ্য যুক্ত করা হচ্ছে। আগামী ২০২৭ শিক্ষাবর্ষে নতুন এসব পাঠ্য পড়বে শিক্ষার্থীরা।
জাতীয় শিক্ষাক্রম সমন্বয় কমিটি (এনসিসিসি) এ মূল্যায়ন কাঠামো ও নতুন পাঠ্য বিষয় যুক্ত করার অনুমোদন দিয়েছে। গত ২৪ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এনসিসিসির বৈঠকে এসব বিষয় অনুমোদন দেওয়া হয়।
পাঠ্যবইয়ে যেসব পরিবর্তন
মাধ্যমিক স্তরের ষষ্ঠ থেকে নবম শ্রেণির পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। এরমধ্যে ষষ্ঠ থেকে নবমের চার শ্রেণির ‘তথ্য ও যোগাযোগ প্রযুক্তি’ বইটি যুগোপযোগী করা হবে। এ ক্ষেত্রে যত পরিমার্জন প্রয়োজন তাতে অনুমোদন দেওয়া হয়েছে।
ষষ্ঠ শ্রেণির বাংলা বইয়ে ‘তৃতীয় ভাষা’ শিরোনামে নতুন প্রবন্ধ যুক্ত করা হচ্ছে। ২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে এ প্রবন্ধ পড়বে শিক্ষার্থীরা। এটির অনুমোদন দিয়েছে এনসিসিসি।
একই শ্রেণির ‘বাংলাদেশ ও বিশ্বপরিচয়’ বইয়ে সাত বীরশ্রেষ্ঠের জীবন ও কর্ম অন্তর্ভুক্ত করা হবে। অষ্টম শ্রেণির বাংলা বইয়ে মুক্তিযুদ্ধের বিভিন্ন ব্রিগেড ফোর্সের বিষয় যুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে।
অষ্টম এবং নবম শ্রেণির পাঠ্যবইয়ে নব্বইয়ের গণঅভ্যুত্থানে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা নতুন করে যুক্ত করা হচ্ছে। ষষ্ঠ থেকে নবম শ্রেণির বইয়ে ৭ নভেম্বরের ‘সিপাহি-জনতার বিপ্লব’ অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
মূল্যায়ন কাঠামো নিয়ে যে সিদ্ধান্ত
এনসিসিসি সভার তথ্যমতে, ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত প্রতিষ্ঠানভিত্তিক মূল্যায়ন করা হবে। এ কাঠামো অনুসরণ করে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। একই মূল্যায়ন পদ্ধতিতে দশম শ্রেণি শেষে নির্বাচনি পরীক্ষা ও পাবলিক পরীক্ষা (এসএসসি) গ্রহণ করা হবে।
মূল্যায়ন কাঠামো অনুমোদন হলেও এ বিষয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এখনো বিস্তারিত জানায়নি। বিষয়টি নিয়ে কাজ চলমান। কার্যক্রম শেষে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ ফখরুল মওলা।
