রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার
daily-fulki

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রাজু ফের গ্রেপ্তার

 

স্টাফ রিপোর্টার : জামিনে বেরিয়ে কার্যক্রম পরিচালনার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাভার উপজেলা শাখার সাধারণ সম্পাদক প্রার্থী মোমিনুল ইসলাম রাজুকে (৩২) ফের গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ আগস্ট) ভোরে সাভার পৌর এলাকার ব্যাংক কলোনি মহল্লায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে সাভার মডেল থানা পুলিশ।

গ্রেপ্তার মোমিনুল ইসলাম রাজু (৩২) মানিকগঞ্জের সাটুরিয়া থানার ধানকরা ইউনিয়নের কামতা গ্রামের আওয়ামী লীগ নেতা দেলোয়ার হোসেনের ছেলে। দীর্ঘদিন ধরে তিনি পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংক কলোনি এলাকার বি-২৮/১ নম্বর আজহার উদ্দিন ভিলার তৃতীয় তলায় বসবাস করে আসছিলেন।

জানা যায়, রাজু সাভার উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদে প্রার্থী হন। দলীয় হাইকমান্ডের নজরে আসতে এবং নিজের রাজনৈতিক অবস্থান শক্ত করতে ছাত্র-জনতার আন্দোলন দমনে তিনি সক্রিয় ভূমিকা নেন বলে অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ছাত্র-জনতার ওপর হামলার মামলায় এর আগে গ্রেপ্তার হয়ে জামিনে মুক্ত হলেও তিনি ছাত্রলীগের তৎপরতা চালিয়ে যায়। সম্প্রতি বিদেশ থেকে অর্থ এনে আবার মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তার ওপর নজরদারি বাড়ানো হয়। পরে সাভার মডেল থানার এসআই মোঃ সাখাওয়াত ইমতিয়াজের নেতৃত্বে এসআই আব্দুর রহমান, এসআই শহীদুজ্জামান, এসআই মোস্তাকিম বিল্লাহ যৌথ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম জানান, নতুন করে অপরাধমূলক কার্যক্রমে সম্পৃক্ততার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের নির্দেশে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় তাকে কারাগারে পাঠানো হয়।

 

সর্বাধিক পঠিত