শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
ধামরাইয়ে সাত বছরেও শেষ হয়নি বানেশ্বর-গাওয়াইল সড়কের নির্মাণ কাজ, চরম দুর্ভোগে জনগণ
daily-fulki

ধামরাইয়ে সাত বছরেও শেষ হয়নি বানেশ্বর-গাওয়াইল সড়কের নির্মাণ কাজ, চরম দুর্ভোগে জনগণ

 

ধামরাই প্রতিনিধি : ২০১৯ সালের শুরুর দিকে শুরু হয়েছিল ধামরাই উপজেলার বানেশ্বর–গাওয়াইল সড়কের উন্নয়নকাজ। দেখতে দেখতে পেরিয়ে গেছে প্রায় সাত বছর। কিন্তু দীর্ঘ এই সময়েও গুরুত্বপূর্ণ এই সড়কটির নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। ফলে প্রতিদিন চরম দুর্ভোগের মধ্যদিয়ে চলাচল করছেন এই সড়কের ওপর নির্ভরশীল কয়েকটি এলাকার প্রায় দেড় লাখ মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ চলমান থাকলেও বারবার কাজ শেষ হওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। বিভিন্ন সময়ে স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গের পক্ষ থেকেও “চলতি মাসেই কাজ শেষ হবে”—এমন আশ্বাস দেওয়া হয়েছে। কিন্তু প্রতিশ্রুত সময় পার হলেও সড়কের কাজ এখনো শেষ হয়নি।

উপজেলার কালিদাসপট্টি, বানেশ্বর, শুলাকুড়িয়া ও গাওয়াইলসহ আশপাশের এলাকার বিপুলসংখ্যক মানুষ প্রতিদিন এই সড়ক দিয়ে যাতায়াত করেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী, রোগী ও সাধারণ যাত্রীদের পাশাপাশি সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদেরও যাতায়াতের জন্য এই সড়কের ওপর নির্ভর করতে হয়।

দীর্ঘদিন ধরে কাজ অসম্পূর্ণ থাকায় যানবাহন চলাচলে বিঘ্ন, ধুলাবালি, কাদা ও দুর্ঘটনার ঝুঁকি তৈরি হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। এতে শুধু সাধারণ মানুষের চলাচলই ব্যাহত হচ্ছে না, স্থানীয় ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা জানায়, ২০১৯ সালে শুরু হয়েছে এই গুরুত্বপূর্ণ সড়কের কাজ। কিন্তু ২০২৬ সালেও এ কাজ শেষ হয়নি। ফলে জনগণকে সীমাহীন দুর্ভোগের শিকার হতে হচ্ছে।

এলাকাবাসী সড়ক ও জনপথ কর্তৃপক্ষ, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গের দৃষ্টি আকর্ষণ করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তাদের দাবি, সড়কটির বর্তমান অবস্থা সরেজমিনে পরিদর্শন করে কাজের অগ্রগতি, বিলম্বের কারণ এবং নির্ধারিত সময়সীমা জনগণের সামনে স্পষ্ট করা হোক। পাশাপাশি প্রয়োজনীয় জনবল ও নির্মাণসামগ্রী নিশ্চিত করে দ্রুততম সময়ে কাজ সম্পন্ন করা হোক।

প্রায় সাত বছর ধরে চলমান এই সড়ক নির্মাণকাজ এখন আর প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে সম্পন্ন করার দাবি এলাকাবাসীর।

 

সর্বাধিক পঠিত