লক্ষ্মীপুর সংবাদদাতা : বিরোধী দল আন্দোলন করে বিএনপিকে জিম্মি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেছেন, হাসিনা যেভাবে ১৭২ দিন হরতাল দিয়ে দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় এসেছিল, পরে দেশের ১২টা বাজিয়ে দিয়েছে ১৭ বছর।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার দিঘলী ইউনিয়নের দক্ষিণ দুর্গাপুর এলাকায় এসডিএফ এর বি স্ট্রং প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, বিরোধী দল এখন মনে করছে, আন্দোলন করলে বিএনপি দুর্বল হয়ে যাবে, তারেক রহমান দুর্বল হয়ে যাবে, মন্ত্রী-এমপিরা দুর্বল হয়ে যাবে, সেই সুযোগে মা-বোনেরা বাধ্য হয়ে ভোট দিয়ে তাদের ক্ষমতায় আনবে। সেই সুযোগ দেওয়া যাবে না। সেজন্য সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে মাঠে থেকে কাজ করতে হবে।
বিরোধী দলের আন্দোলনের কারণে দেশের উন্নয়ন বাধাগ্রস্ত ও দেশের জন্য ক্ষতি বলে মন্তব্য করেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বিরোধী দল লংমার্চ দিয়েছে, আবার বলছেন আন্দোলন করবে। বাংলাদেশটা যদি আন্দোলনের ওপর থাকে তাহলে এলাকার উন্নয়ন হবে না। এ আন্দোলন এলাকার জন্য ক্ষতি, দেশের জন্য ক্ষতি।
এ্যানি বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। আমাদের সঙ্গে আরেকপক্ষ ভোট করেছে, তারা বিরোধী দল। আমরা যেদিন শপথ নিয়েছি, তারা সেদিন উপস্থিতও হয়নি, আমাদের সহযোগিতাও করেনি। এখন পর্যন্ত তারা বলছে যে আন্দোলন করবে। হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি ১৭ বছর।
আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। হাসিনা যেভাবে অত্যাচার-নির্যাতন করেছে, দেশও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সবাই মিলে আন্দোলন করে দেশকে রক্ষা করেছি, দেশের গণতন্ত্রকে রক্ষা করেছি। এখন আমাদের কাজ হলো এ রক্ষাকে সুরক্ষা করা। নতুনভাবে বাংলাদেশকে গড়ে তোলা। এতে বিরোধী দলের সহযোগিতা লাগবে।
পানিসম্পদমন্ত্রী বলেন, আড়াই থেকে তিন বছরের মধ্যে দৃশ্যমান উন্নয়ন দেখা যাবে। তারেক রহমানের হাতকে শক্তিশালী রাখলে তার পিতা জিয়াউর রহমান যেভাবে দেশকে স্বনির্ভর করেছেন। তার মা বেগম খালেদা জিয়া গ্রামে গ্রামে ঘুরে ঘুরে জনগণের সঙ্গে কাজ করেছেন, দেশের উন্নয়ন করেছিলেন। তারেক রহমানের নেতৃত্বে এ ধরনের কাজ আগামী ৫ বছরে যদি হয়, তাহলে আমাদের মুখে হাসি ফোটার সম্ভাবনা রয়েছে।
চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানার ওসি আব্দুর রব, চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক ইউসুফ ভুঁইয়া, দিঘলী ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম সরওয়ার, সাধারণ সম্পাদক কাজী নুরুল আমিন, বিএনপি নেতা শাহজাহান মিয়া ও চন্দ্রগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহের ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।
