ফুলকি ডেস্ক : দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে অ্যাপলপ্রেমীদের। আগামী ৯ সেপ্টেম্বর নতুন পণ্য উন্মোচন অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে অ্যাপল।
প্রতিষ্ঠানটি ইতিমধ্যে তারিখটি নিশ্চিত করেছে। এবারের অনুষ্ঠানে আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উন্মোচন হতে পারে। পাশাপাশি অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনও দেখা যেতে পারে।
আইফোন ১৮ প্রো সিরিজে বেশ কিছু বড় পরিবর্তনের গুঞ্জন রয়েছে। নতুন চিপ, উন্নত ক্যামেরা, বড় ব্যাটারি এবং ছোট ডায়নামিক আইল্যান্ড—সব মিলিয়ে এবারের প্রো মডেলগুলোতে উল্লেখযোগ্য আপগ্রেড দেখা যেতে পারে।
নতুন এ২০ প্রো চিপ
আইফোন ১৮ প্রো সিরিজের অন্যতম বড় আকর্ষণ হতে পারে এ২০ প্রো চিপ। গুঞ্জন অনুযায়ী, নতুন চিপটি ২ ন্যানোমিটার প্রযুক্তিতে তৈরি হতে পারে।
এর ফলে ফোনের কর্মক্ষমতা বাড়ার পাশাপাশি বিদ্যুৎ খরচ কমতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজ ও ভারী গেম চালানোর ক্ষেত্রেও উন্নতি দেখা যেতে পারে।
ছোট হতে পারে ডায়নামিক আইল্যান্ড
ফোনের সামনের অংশেও পরিবর্তন আসতে পারে। আগের তুলনায় ছোট ডায়নামিক আইল্যান্ড ব্যবহারের গুঞ্জন রয়েছে। এতে পর্দায় আরও বেশি জায়গা পাওয়া যেতে পারে।
তবে এ বিষয়ে এখনো অ্যাপল আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত
আইফোন ১৮ প্রো সিরিজের ক্যামেরায়ও বড় আপগ্রেড আসতে পারে। মূল ক্যামেরায় ভ্যারিয়েবল অ্যাপারচার প্রযুক্তি যুক্ত হওয়ার গুঞ্জন রয়েছে।
এই প্রযুক্তির মাধ্যমে পরিবেশের আলোর ওপর ভিত্তি করে ক্যামেরায় প্রবেশ করা আলোর পরিমাণ নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। ফলে ছবি তোলার ক্ষেত্রে আরো ভালো নিয়ন্ত্রণ পাওয়া যেতে পারে।
তবে এই সুবিধা শুধু আইফোন ১৮ প্রো ম্যাক্সে থাকতে পারে বলেও কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বাড়তে পারে ব্যাটারি ব্যাকআপ
আইফোন ১৮ প্রো ম্যাক্সে আগের তুলনায় বড় ব্যাটারি ব্যবহারের কথা শোনা যাচ্ছে। পাশাপাশি অ্যাপলের নিজস্ব সি২ মডেম ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।
নতুন চিপ ও মডেমের কারণে ফোনের শক্তি ব্যবস্থাপনা আরো উন্নত হতে পারে। ফলে ব্যাটারি ব্যাকআপেও উন্নতি দেখা যেতে পারে।
নতুন রঙেও আসতে পারে আইফোন
ডিজাইনে বড় পরিবর্তন না এলেও নতুন রং যুক্ত হতে পারে। গাঢ় চেরি, হালকা নীল ও রুপালি রঙে আইফোন ১৮ প্রো আসার গুঞ্জন রয়েছে।
তবে ফোনের সমতল প্রান্ত ও পেছনের তিন ক্যামেরার নকশা আগের মতোই থাকতে পারে।
বাংলাদেশে কত হতে পারে দাম?
আইফোন ১৮ প্রো-এর ভারতে সম্ভাব্য শুরুর দাম প্রায় ১ লাখ ৩৯ হাজার ৯০০ রুপি হতে পারে বলে সাম্প্রতিক প্রতিবেদনে দাবি করা হয়েছে। আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম প্রায় ১ লাখ ৫৪ হাজার ৯০০ থেকে ১ লাখ ৫৯ হাজার ৯০০ রুপি হতে পারে বলে বিভিন্ন পূর্বাভাস রয়েছে।
বাংলাদেশে এখনো অ্যাপলের পক্ষ থেকে কোনো দাম ঘোষণা করা হয়নি। তবে আমদানি খরচ, কর, শুল্ক ও বাজারমূল্য বিবেচনায় আইফোন ১৮ প্রো-এর দাম প্রায় ২ লাখ টাকার আশপাশে বা তার বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বিভিন্ন বাংলাদেশি প্রযুক্তি সাইটের পূর্বাভাসেও প্রো ম্যাক্সের দাম প্রায় ১ লাখ ৮৫ হাজার থেকে ২ লাখ ৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে বলে উল্লেখ করা হয়েছে।
তবে এগুলো আনুমানিক দাম, অফিশিয়াল নয়। বাংলাদেশে ফোনটি আসার পরই প্রকৃত মূল্য জানা যাবে।
অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোনও আসতে পারে ?
৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানের আরেকটি বড় আকর্ষণ হতে পারে অ্যাপলের প্রথম ফোল্ডেবল আইফোন। দীর্ঘদিন ধরেই এই ফোন নিয়ে নানা গুঞ্জন রয়েছে।
একই অনুষ্ঠানে নতুন অ্যাপল ওয়াচ ও এয়ারপডসের ঘোষণা আসতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সাধারণ আইফোন ১৮ কি আসছে?
এবারের অনুষ্ঠানে সাধারণ আইফোন ১৮ মডেলটি নাও আসতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, অ্যাপল এবার প্রো মডেলগুলো আগে উন্মোচন করতে পারে।
সাধারণ আইফোন ১৮ ও অন্যান্য মডেল পরবর্তী সময়ে বাজারে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আইফোন ১৮ প্রো সিরিজের বেশিরভাগ ফিচার ও দাম এখনো গুঞ্জননির্ভর। তাই অ্যাপলের আনুষ্ঠানিক ঘোষণার আগে এসব তথ্যকে সম্ভাব্য তথ্য হিসেবেই দেখা হচ্ছে।
৯ সেপ্টেম্বরের অনুষ্ঠানেই জানা যাবে, আইফোন ১৮ প্রো সিরিজে আসলে কী কী নতুন সুবিধা থাকছে।
