স্টাফ রিপোর্টার : সাভারের গেন্ডা বাজারের জাহাঙ্গীর গোশত বিতানে নিরাপদ খাদ্য আইনে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (উপপরিচালক) বি.এম রুহুল আমিন রিমনের নেতৃত্বে জাহাঙ্গীর গোশত বিতানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মোবাইল কোর্ট পরিচালনাকালে ওই মাংসের দোকানে পচা-বাসি কাচা মাংস বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করতে দেখা যায়। যেসব মাংস সংরক্ষণ ও বিক্রয়ের উদ্দেশ্যে ঝুলানো রয়েছে সেগুলোর কোনো ধরনের ক্রয় ভাউচার রশিদ প্রদর্শনে ব্যর্থ হয়।
এ ছাড়াও ওই দোকানের ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধে দোষ স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে ঢাকা জেলা নিরাপদ খাদ্য অফিসার মো. নাজমুল ইসলাম, মনিটরিং অফিসার মোহাম্মদ ইমরান হোসেন মোল্লাসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।
