শনিবার, ২২ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
জাবিতে ছাত্রীদের রাত ১১টার মধ্যে হলে প্রবেশের নির্দেশ
daily-fulki

জাবিতে ছাত্রীদের রাত ১১টার মধ্যে হলে প্রবেশের নির্দেশ


জাবি প্রতিনিধি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) জাহানারা ইমাম হলে ছাত্রীদের রাত ১১টার মধ্যে হলে প্রবেশের নির্দেশ দেওয়া হয়েছে। হলটির প্রভোস্ট অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়।


নির্দেশনায় বলা হয়, ১৯ জুলাই অনুষ্ঠিত হল সংসদের পঞ্চম সভার সিদ্ধান্ত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শৃঙ্খলা বিধি অনুযায়ী ছাত্রীদের নিরাপত্তা ও শৃঙ্খলার স্বার্থে রাত ১১টার মধ্যে হলে প্রবেশ করতে হবে।


বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, রাত ১১টার পর হলের বাইরে যেতে পারবেন না কোনো ছাত্রী। ওই সময় হলের মূল প্রবেশদ্বারে তালা দেয়া হবে। তবে জরুরি প্রয়োজনে রাত ১১টার পর হলে প্রবেশের প্রয়োজন হলে গার্ডরুমে সংরক্ষিত রেজিস্টারে প্রয়োজনীয় তথ্য লিপিবদ্ধ করতে হবে।


এ ঘটানায় প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট ও নারী নিরাপত্তা মঞ্চ। নারী নিরাপত্তা মঞ্চ নামের সংগঠনটি বলেছে, নিরাপত্তার নামে নারী শিক্ষার্থীদের চলাচল নিয়ন্ত্রণ কোনো সমাধান নয়। নিরাপত্তা নিশ্চিত করতে নিরাপদ সড়ক ও পথ, পর্যাপ্ত আলোকসজ্জা, কার্যকর নিরাপত্তাব্যবস্থা, নিরাপদ পরিবহন ও দায়িত্বশীল প্রহরার ব্যবস্থা করতে হবে।
বিবৃতিতে সংগঠনটি উল্লেখ করেন, ২০১৪ সালে জাহানারা ইমাম হলে এবং ২০১৮ সালে একযোগে ছাত্রী হলগুলোতে একই ধরনের বিধি-নিষেধ আরোপের চেষ্টা হয়েছিল।
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সেসব উদ্যোগ প্রশ্নবিদ্ধ হয় বলেও জানিয়েছে সংগঠনটি।


নারী নিরাপত্তা মঞ্চের দাবিগুলোর মধ্যে রয়েছে— জাহানারা ইমাম হলে আরোপিত সান্ধ্য আইন প্রত্যাহার, প্রভোস্টের কথিত নারীবিদ্বেষী বক্তব্যের জবাবদিহি, ছাত্রীহলগুলোতে এ ধরনের বিধি-নিষেধের পরিকল্পনা বাতিল এবং ২০১৮ সালের অধ্যাদেশের দমনমূলক ও প্রশাসনকে অতিরিক্ত ক্ষমতা দেওয়ার সুযোগ সৃষ্টি করে এমন বিধান সংস্কার। এ ছাড়া পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নিয়োগ, প্রবেশদ্বার সংস্কার, ‘কুইক রেসপন্স টিম’ ও জরুরি হটলাইন চালু এবং সাইবার নিরাপত্তানীতি প্রণয়নের দাবিও জানিয়েছে সংগঠনটি।

 

সর্বাধিক পঠিত