শুক্রবার, ২১ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
সাভারে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার
daily-fulki

সাভারে বিদেশি পিস্তল-গুলি ও মাদকসহ দুই অস্ত্রধারী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার ; সাভারে বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি, শর্টগানের কার্তুজ, ছোরা ও বিপুল পরিমাণ মাদকসহ দুই অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার রাতে সাভার পৌর এলাকার রাজাশন মহল্লায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২১ আগস্ট) দুপুরে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের পরিদর্শক সাইদুল ইসলাম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলো দিনাজপুরের হাকিমপুর থানার মহেশপুর-বাওনা গ্রামের মৃত আব্দুল গোফফারের ছেলে মো. রাসেল বাবু (২২) এবং গাইবান্ধার সাদুল্লাপুর থানার তরফপাহাড়ী গ্রামের মো. জাহিদুল সরকারের ছেলে মো. সজীব সরকার (২০)। তারা সাভারের পশ্চিম রাজাশন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ডিবি জানায়, অভিযানে তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড পিস্তলের গুলি, একটি শটগানের কার্তুজ, একটি বিদেশি ছোরা, ৩০০ গ্রাম হেরোইন, পাঁচ বোতল ফেয়ারডিল ও ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ছাড়া দুটি সিসিটিভি ক্যামেরা ও একটি ডিভিআর জব্দ করা হয়েছে।


পুলিশের দাবি, গ্রেপ্তার দুজন দীর্ঘদিন ধরে অস্ত্রের মাধ্যমে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এসব কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের সঙ্গে সংশ্লিষ্ট আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে বলেও জানিয়েছে পুলিশ।

ঢাকা জেলা উত্তর ডিবির পরিদর্শক সাইদুল ইসলাম জানান, রাজাশন পালোয়ানপাড়া এলাকায় মাদকের আস্তানায় অভিযান চালিয়ে অস্ত্র ও মাদকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

 

সর্বাধিক পঠিত