স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগে নতুন বিভাগীয় কমিশনার এবং নাটোর, গাইবান্ধা ও রংপুর জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
বুধবার (১৯ আগস্ট) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, রাজশাহী বিভাগের নতুন বিভাগীয় কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সদস্য-পরিচালক (অতিরিক্ত সচিব) মো. ইউসুফ আলী।
নাটোরের নতুন জেলা প্রশাসক করা হয়েছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উপসচিব সুমনী আক্তারকে। গাইবান্ধার ডিসি হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর একান্ত সচিব ড. মো. মনিরুজ্জামান।
এদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ইসরাত জাহানকে রংপুরের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. এ এন এম বজলুর রশীদকে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়।
একই সঙ্গে নাটোরের ডিসি আসমা শাহীন, গাইবান্ধার ডিসি মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এবং রংপুরের ডিসি মোহাম্মদ রুহুল আমিনকে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
