মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
আমদানি বাড়ায় কাঁচা মরিচের দামে বড় ধস
daily-fulki

আমদানি বাড়ায় কাঁচা মরিচের দামে বড় ধস


বেনাপোল (যশোর) সংবাদদাতা : ভারত থেকে আমদানি বৃদ্ধি পাওয়ায় বেনাপোলসহ যশোরের বিভিন্ন বাজারে কাঁচা মরিচের দামে বড় ধরনের পতন ঘটেছে। মাত্র ১০ দিনের ব্যবধানে পাইকারি ও খুচরা বাজারে কাঁচা মরিচের দাম কেজিতে প্রায় ২০০ টাকা কমেছে। গত দুই সপ্তাহ আগে যে মরিচ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হয়েছিল, বর্তমানে তা ১০০ থেকে ১২০ টাকায় নেমে এসেছে।

বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা গেছে, গত ৩ আগস্ট থেকে ১৬ আগস্ট পর্যন্ত ১০ কার্যদিবসে ভারত থেকে প্রায় ২৩৩ টন কাঁচা মরিচ আমদানি হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সকালে শার্শা, নাভারন ও বাগআঁচড়া বাজার ঘুরে দেখা গেছে, খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচা মরিচ ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

আমদানি তথ্যানুযায়ী, গত ৩ আগস্ট ৯ দশমিক ২ টন থেকে শুরু করে ধাপে ধাপে আমদানি বেড়েছে। সবশেষ গত রোববার (১৬ আগস্ট) এক দিনেই সাড়ে ১৩ টন কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। আমদানির এই ধারাবাহিকতায় বাজারে সরবরাহ বাড়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে স্বস্তি ফিরেছে।

বেনাপোল বাজারের খুচরা বিক্রেতা রাশেদ আলী বলেন, ভারত থেকে নিয়মিত ট্রাক আসায় বাজারে কোনো সংকট নেই। অন্যদিকে দেশি মরিচের জোগানও বাড়তে শুরু করেছে, ফলে দাম দ্রুত কমছে। আমদানিকারক শামীম হোসেন মনে করেন, আমদানি এভাবে অব্যাহত থাকলে দাম ৫০ টাকার কাছাকাছি নেমে আসতে পারে।

বেনাপোল চেকপোস্ট উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপসহকারী কর্মকর্তা শ্যামল কুমার নাথ জানান, ভারত থেকে প্রতিদিন কাঁচা মরিচ বাংলাদেশে ঢুকছে। আরও বেশ কিছু কাঁচা মরিচবোঝাই ট্রাক ওপারে (পেট্রাপোল) অপেক্ষায় রয়েছে। ওই চালানগুলো বন্দরে প্রবেশ করলে স্থানীয় বাজারে দাম আরও কমবে বলে আশা করা হচ্ছে।
 

সর্বাধিক পঠিত