শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১২:০০ রাত
MENU
#
বিলাসবহুল প্রাডোর আড়ালে ১৫ কোটির ইয়াবা!
daily-fulki

বিলাসবহুল প্রাডোর আড়ালে ১৫ কোটির ইয়াবা!


কুমিল্লা সংবাদদাতা : কক্সবাজার থেকে বিলাসবহুল প্রাডো গাড়িতে করে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লায় ৩ লাখ পিস ইয়াবা জব্দ করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। উদ্ধার করা এই ইয়াবার বাজারমূল্য প্রায় ১৫ কোটি টাকা। এ ঘটনায় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার আদর্শ সদর উপজেলার জাগুরঝুলি বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন–কক্সবাজারের চকরিয়া উপজেলার ফয়সাল হোসেন (২৫) ও একই এলাকার গাড়িচালক আমান উল্লাহ (৩৫)।

জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জানান, বড় একটি ইয়াবার চালান ঢাকার দিকে যাচ্ছে–এমন গোপন সংবাদের ভিত্তিতে জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের নির্দেশনায় ডিবির একটি দল জাগুরঝুলি এলাকায় অবস্থান নেয়। এ সময় চট্টগ্রাম থেকে ঢাকামুখী একটি সাদা রঙের প্রাডো গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে গাড়ির ভেতর একটি ল্যাগেজে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ ইয়াবা পাওয়া যায়। পরে গণনা করে সেখানে ৩ লাখ পিস ইয়াবা পাওয়া যায়, যার আনুমানিক বাজারমূল্য ১৫ কোটি টাকা।

ঘটনার পর পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, ‘সাম্প্রতিক সময়ে এই মহাসড়কে এটিই ইয়াবার সবচেয়ে বড় চালান। এর পেছনে একটি শক্তিশালী ও সংঘবদ্ধ চক্র জড়িত। উদ্ধার হওয়া প্রাডো গাড়িটির মালিকানা ও রেজিস্ট্রেশন বিআরটিএ-এর মাধ্যমে যাচাই করা হচ্ছে।’

আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করার চেষ্টা চলছে বলেও জানান পুলিশ সুপার।
 

সর্বাধিক পঠিত